'ব্যবসায়ী' সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ফিয়েস্তার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান l প্রথম আলো
নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ফিয়েস্তার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান l প্রথম আলো

কাল রাজধানীর অভিজাত একটি হোটেলে যে সাকিব আল হাসানকে দেখা গেল, তিনি টেস্ট বা টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার নন, দেশের সেরা ক্রিকেটারও নন। তিনি একজন ব্যবসায়ী। নেমেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়। কাল নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফিয়েস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এই হোটেলেই। মোট ১৩ পরিচালকের প্রতিষ্ঠানে সাকিব চেয়ারম্যান, নকীব চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক।
এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন ছিল সাকিবের অনেক আগে থেকেই। সেই স্বপ্ন সত্যি হওয়ায় দারুণ উচ্ছ্বসিত তিনি, ‘মাঠে ও মাঠের বাইরে সব সময় আমি নতুন কিছু করতে চেয়েছি। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে শুরু করছি ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।’
যতই ব্যবসায়ী পরিচয় নিয়ে আসেন, দেশের সেরা ক্রিকেটার ক্রিকেট নিয়ে কথা না বলে কি পারেন? আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় খেলবেন বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনিগেডসে। বিশ্বকাপের আগে বিগব্যাশে এই দলের হয়ে ভালো কিছু করতে পারলে বিশ্বকাপের জন্য তা ভালোই কাজে লাগবে, ‘বিশ্বকাপ নিয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো পরিকল্পনা করিনি। তবে বিগ ব্যাশে ভালো কিছু করার ইচ্ছা আছে। এর জন্য যা কিছু করা সম্ভব করব। আর বিগব্যাশে ভালো করতে পারলে সেটা আমার জন্যই খুব ভালো হবে। আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারব বিশ্বকাপ।’ অস্ট্রেলিয়ান কন্ডিশনে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী তিনি, ‘আমার মনে হয় না ওখানে খেলা আমাদের জন্য খুব কঠিন হবে। অচেনা কন্ডিশন হলেও আমাদের জন্য একটাই সুবিধা, কিউরেটররা থাকবেন আইসিসির।’
বিশ্বকাপে দলে ভালো অবদান রাখতে চান সাকিব, ‘বিশ্বকাপে দলের হয়ে অবদান রাখাই আমার বড় লক্ষ্য। এতগুলো সেঞ্চুরি করব বা এতগুলো উইকেট নেব এমন নির্দিষ্ট লক্ষ্য নেই আমার। এটা দলের জন্যও ভালো কিছু না। দলের প্রয়োজনে ১ রান দরকার হলে সেটি করতে পারলেই ভালো লাগে। ফিল্ডিংয়ে ১ রান বাঁচাতে পারলে সেটাই মনে করি বড় কিছু।’