'ব্যাংক কেরানি, যে যুদ্ধে গিয়েছিল!'

১৯৭৫ অ্যাশেজ। বার্মিংহামে ডেনিস লিলি ও জেফ থমসনের বোলিং তোপে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হেরে বসে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের আগে অধিনায়কও পরিবর্তন করে ফেলল স্বাগতিক দল। দায়িত্ব পেয়েই সবাইকে চমকে দিলেন টনি গ্রেগ। দলে ডাকলেন অবসর নিতে বসা এক ব্যাটসম্যানকে। যে ব্যাটসম্যানকে দেখে পত্রিকাগুলোর ট্যাগ-লাইন, ‘সে হলো ওই ব্যাংক কেরানি, যাঁকে হঠাৎ যুদ্ধে পাঠানো হলো!’
পত্রিকাগুলোর দোষ কী? ধূসর চুল, চোখে ভারী চশমা, আচার-আচরণেও নিরুত্তাপ ডেভিড স্টিলকে তাঁর বয়সের চেয়েও ‘বুড়ো’ মনে হতো। আর অল্প কয়েক দিন পরই পা রাখতেন ৩৪-এ। ১২ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে তাঁর সেঞ্চুরি মাত্র ১৬টি। এমন এক ব্যাটসম্যানকে টনি গ্রেগ কীভাবে ফেলতে পারলেন থমসন-লিলিদের সামনে! দুর্দশাগ্রস্ত ইংল্যান্ড দলের এভাবে স্টিলকে ডেকে আনার সঙ্গে তুলনা করতেই পত্রিকাগুলোর ‘ব্যাংক কেরানি’ উপাধি টেনে আনা। ডেস্কে ঘাড় গুঁজে দিন পার করে যে, তাঁকেই রণক্ষেত্রে পাঠিয়ে দেওয়া!
কিন্তু টনি গ্রেগ মানুষ চিনতেন। স্টিলের হাতে যখন টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন, তখন টের পেলেন তাঁর হাতে টপ টপ করে পানি পড়ছে। জাতীয় দলে খেলার আনন্দে কেঁদে ফেলেছিলেন স্টিল। গ্রেগ বুঝতে পেরেছিলেন, ‘এই তো সে লোক, যে আমার জন্য মরণপণ লড়বে।’
স্টিল কেমন লড়েছিলেন, সেটার প্রমাণ সিরিজের তিন টেস্টের ছয় ইনিংসে তাঁর স্কোরকার্ড— ৫০, ৪৫, ৭৩, ৯২, ৩৯ ও ৬৬। লিলি ও থমসনের গতি-বাউন্সের মুখে দাঁড়িয়ে ব্যাংক কেরানির এমন লড়াইয়ে ‘জীবন’ পেয়েছিল ইংল্যান্ডও। বাকি তিন ম্যাচ ড্র করেছিল স্বাগতিক দল।
পরের সিরিজেই দেখা গেল স্টিলের ভেতরকার চরিত্রকে। অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, ওয়েইন ডেনিয়েলদের মুখোমুখি হয়েও তাঁকে ভীত মনে হয়নি। ট্রেন্ট ব্রিজে এই ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষে পেলেন টেস্টে একমাত্র সেঞ্চুরি। উইজডেন অ্যালম্যানাক তো আর এমনি এমনি বলেনি, ‘টেস্ট ক্রিকেট এমন রোমান্টিক গল্প দেখেনি অনেক দিন।’
সেই ‘রোমান্টিক গল্প’ শেষ হয়েছে এই আট টেস্টেই। ভারত সফরে তাঁকে আর ডাকা হয়নি দলে। স্টিল তাই এক মৌসুম খেলেই হয়ে আছেন অনন্য। যে মৌসুমটা আবার তাঁর জন্য ছিল ‘বেনিফিট ইয়ার’—কাউন্টিতে স্বল্প বেতন পাওয়া খেলোয়াড়দের অন্য সুবিধা পাওয়ার সুযোগ দেওয়া হয় ক্যারিয়ারের এক মৌসুমে। স্থানীয় এক কসাইকে এক অদ্ভুত প্রস্তাবে রাজি করিয়েছিলেন স্টিল। প্রথম শ্রেণিতে প্রতিটি রানের জন্য এক টুকরো মাংসের চপ দেবেন সে কসাই। মৌসুম শেষে ১ হাজার ৭৫৬টি মাংসের চপ মুফতে ছাড়তে হয়েছিল কসাইকে!
টেস্ট ক্রিকেটের এসব সাহসী লড়াইয়ের পুরোনো কাসুন্দিকে এই টি-টোয়েন্টির যুগে টেনে আনা কেন? কারণ, আজকের এই দিনে জন্মেছিলেন ওই ‘ব্যাংক কেরানি’। এই ২৯ সেপ্টেম্বরেই জন্মেছিলেন টেস্টে ৩০০ উইকেট পাওয়া প্রথম স্পিনার ল্যান্স গিবসও।