'ব্যাট করা আরও কঠিন হয়ে যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউটের আবেদন করছেন অ্যাগার। আজ অবশ্য ব্যাট হাতেই বাংলাদেশকে বেশি ভুগিয়েছেন তিনি। ছবি: এএফপি
আউটের আবেদন করছেন অ্যাগার। আজ অবশ্য ব্যাট হাতেই বাংলাদেশকে বেশি ভুগিয়েছেন তিনি। ছবি: এএফপি

৮৮ রানে এগিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিক দলের লিড যে এখনো এক শ ছাড়াল না, এর কৃতিত্ব অ্যাশটন অ্যাগারের। এই বাঁহাতি স্পিনারের হার না মানা ৪১ রানেই দেড় শ ছাড়িয়ে দুই শ (২১৭) পেরিয়েছে অস্ট্রেলিয়ার ইনিংস। ব্যাটিংয়ে এমন শৌর্য দেখিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন অ্যাগার—এ উইকেটে রান করা ধীরে ধীরে আরও কঠিন হয়ে যাচ্ছে।

১২৪ রানে ম্যাথু ওয়েডের বিদায়ের পর নেমেছিলেন অ্যাগার। ২০ রান পরেই মূল ভরসা ম্যাক্সওয়েল বিদায় নিয়েছেন। বাংলাদেশ এক শ রানের বেশি লিড নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল তখন। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে ৪৯ ও শেষ উইকেটে ২৪ রানের জুটিতে ব্যবধান কমিয়েছেন অ্যাগার। কিন্তু কাল থেকে রান করার কাজটা যে আরও কঠিন হবে সেটা জানিয়ে দিয়েছেন অ্যাগার, ‘পিচের ভালো অংশ অত খারাপ নয়। তবে সেখানেও আস্তে আস্তে স্পিন করছে। আগামী কদিন খুব কঠিন পরীক্ষা নেওয়া হবে আমাদের। আস্তে আস্তে ব্যাট করা আরও কঠিন হয়ে যাচ্ছে।’
এটা অবশ্য ব্যাটসম্যানের দৃষ্টিকোণ থেকে বলা। তবে অ্যাগারের মূল দায়িত্ব তো বোলিংয়ে। আর সে ক্ষেত্রে এমন উইকেট যে একজন স্পিনারের জন্য কতটা লোভনীয়, সেটা সংবাদ সম্মেলনে জানাতে ভোলেননি এই বাঁহাতি স্পিনার, ‘বল যখন লাফায় কিংবা এমন স্পিন করে, স্পিনাররা খুব পছন্দ করে। বিশেষ করে যখন পিচের ভালো অংশেও বল স্পিন করে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে, ওরা স্পিন খুব ভালো খেলে। আজও খুব ভালো খেলেছে। গাজ্জা (লায়ন), ম্যাক্সি (ম্যাক্সওয়েল) ও আমাকে লাইন লেংথ ধরে রাখতে হবে।’
ম্যাচ জয়ের ব্যাপারে অবশ্য এখনো আশাবাদী অস্ট্রেলিয়ান স্পিনার। তাঁর আশা, প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নেবেন ব্যাটসম্যানরা। আর তাহলেই যেকোনো লক্ষ্য তাড়া করা সম্ভব অস্ট্রেলিয়ার পক্ষে, ‘এ উইকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। বল যখন এভাবে ঘোরে, খুব দ্রুত যেকোনো কিছু ঘটতে পারে। আজ বেশ কিছু বল লাফিয়ে উঠেছিল। আমরা আশাবাদী, কাল ওদের দ্রুত অলআউট করে দিতে পারব। বিশ্বাস করি, যেকোনো লক্ষ্য তাড়া করতে পারব আমরা।’