'ব্যাটসম্যানদের বিশ্বকাপ' তো বোলাররাই মাতাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলারদের ঘিরে এমন উল্লাসের চিত্র নিয়মিতভাবেই দেখা গেছে বিশ্বকাপের প্রথম সপ্তাহে। ছবি: এএফপি
বোলারদের ঘিরে এমন উল্লাসের চিত্র নিয়মিতভাবেই দেখা গেছে বিশ্বকাপের প্রথম সপ্তাহে। ছবি: এএফপি
বিশ্বকাপ শুরুর আগেই কতই-না আলোচনা! উইকেটে বোলারদের জন্য কিছু থাকবে না, ব্যাটসম্যানদের বিশ্বকাপে বোলাররা হবেন ‘নিগৃহীত প্রজাতি’। কিন্তু বিশ্বকাপের এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পর বরং উল্টোটাই দেখা যাচ্ছে। বোলারদের তোপেই যে টিকতে পারছেন না ব্যাটসম্যানরা!

বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই বলা হচ্ছিল, এটি হতে চলেছে ব্যাটসম্যানদের বিশ্বকাপ। সাধারণ ক্রীড়াপ্রেমী তো বটেই, অনেক বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটারেরাও একই কথা বলেছেন। তবে বিশ্বকাপের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, বেশির ভাগ ভবিষ্যদ্বাণীই মেলেনি। ‘ব্যাটসম্যানদের বিশ্বকাপ’ তো এখন পর্যন্ত বোলাররাই মাতাচ্ছেন!

বিশ্বকাপের ঠিক আগেই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের ৮ ইনিংসে ৩০০ ছাড়ানো স্কোর ছিল ৭টি। অথচ বিশ্বকাপের প্রথম ৯ দিনে ১১ ম্যাচের ২০ ইনিংসে ৩০০ এর বেশি স্কোর দেখা গেছে মাত্র ৫ বার। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান দেখা গেছে ১০ বার। আর স্কোরবোর্ডে রান ২০০ ছাড়ানোর আগেই ইনিংস শেষ, এমন ঘটনা ঘটেছে ৫ বার।

ব্যাটসম্যান নন, এই বিশ্বকাপে বরং দাপট দেখাচ্ছেন বোলাররা, বিশেষ করে পেসাররা। ১১ ম্যাচ শেষ হলেও ব্যাটসম্যানরা সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ৩ বার। প্রথম সেঞ্চুরির দেখা পেতেই লেগেছে ৬ ম্যাচ। সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারির মধ্যে চারজনই পেসার। এখনো পর্যন্ত হওয়া ১১ ম্যাচের মধ্যে ব্যাটসম্যানরা ম্যাচসেরা হতে পেরেছেন মাত্র ৩ বার। বাকি ৭ বারই ম্যাচসেরার পুরস্কার গেছে অলরাউন্ডার কিংবা পেসারদের হাতে (আরেকটি ম্যাচ পরিত্যক্ত)।

বিশ্বকাপটা যে বোলারদের হতে পারে, সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল দ্বিতীয় ম্যাচ থেকেই। ওশান টমাস-মিচেল স্টার্করা বাউন্সারে অতিষ্ঠ করে তুলছেন ব্যাটসম্যানদের জীবন। শুরুর এক সপ্তাহেই ব্যাটসম্যানের হেলমেটে বল লেগেছে তিন বার। উদ্বোধনী ম্যাচে জফরা আর্চারের বলে মাথায় আঘাত পাওয়া হাশিম আমলা তো পরের ম্যাচে খেলতেই পারলেন না। মোট ২৬ বার ব্যাটসম্যানরা ফিফটি পার করেছেন, কিন্তু বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালাতে পারছেন, এমনটা ঠিক বলা যাচ্ছে না। কারণ পরিসংখ্যান বলছে, ২৬ বারের মধ্যে মাত্র ১৩ বার ১০০ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ফিফটি পার হতে পেরেছেন ব্যাটসম্যানরা।

বাউন্সার, ইয়র্কার, সুইং—নিজেদের ভান্ডারে থাকা সব অস্ত্রই সফলভাবে প্রয়োগ করেছেন পেসাররা। একের পর এক বাউন্সার দিয়ে পাকিস্তানকে মাত্র ১০৫ রানে অলআউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। আফগানিস্তানের বিপক্ষে নিজের ইয়র্কার দক্ষতা আরও একবার দেখিয়েছেন লাসিথ মালিঙ্গা। আর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সুইং বোলিংয়ের পসরা সাজিয়ে বসেছিলেন ট্রেন্ট বোল্ট-ম্যাট হেনরিরা।

অপেক্ষা ছিল কোনো বোলারের ৫ উইকেট প্রাপ্তির, সেটিও ঘুচিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। গত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি স্টার্ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিয়ে করে ফেলেছেন একটি রেকর্ডও। সাকলায়েন মুশতাককে সরিয়ে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের মালিক এখন স্টার্ক।

শুধু পেসার নন, ব্যাটসম্যানদের বেঁধে রাখতে ভূমিকা রাখছেন স্পিনাররাও। ইমরান তাহির, রশিদ খান, মোহাম্মদ নবী, যুজবেন্দ্র চাহাল ও মঈন আলী—পাঁচজন স্পিনার এরই মধ্যে চার উইকেট করে পেয়েছেন। বাকিরা উইকেট না পেলেও লাগাম দিচ্ছেন রানের চাকায়।

২০১৯ বিশ্বকাপ শুরুর আগেই শোনা যাচ্ছিল, ওয়ানডে ইতিহাসের প্রথম ৫০০ ছাড়ানো স্কোর দেখা যেতে পারে এ বিশ্বকাপেই। বিশ্বকাপ শুরু হয়েছে কেবল, ম্যাচ বাকি এখনো ৩৭ টি। সামনে কী হবে তা এখনই বলা মুশকিল। তবে শুরুর এক সপ্তাহের পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে, ব্যাটসম্যানদের বদলে বিশ্বকাপটা বোলারদেরও হয়ে যেতে পারে!