'ব্যাটসম্যানরা স্বার্থপর নয়, ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলেও না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজে হারলেও কোহলিদের ব্যাটিংয়ে কোনো খুঁত দেখছেন না শাস্ত্রী। ছবি: এএফপি।
সিরিজে হারলেও কোহলিদের ব্যাটিংয়ে কোনো খুঁত দেখছেন না শাস্ত্রী। ছবি: এএফপি।

বিরাট কোহলি, রোহিত শর্মারা হয়তো একটু মনঃক্ষুণ্ন হচ্ছেন। এত কষ্ট করে সেঞ্চুরি করেছেন, তাঁদের সেঞ্চুরিতে ভর করেই দলের রান হয়েছে লড়াই করার মতো। অথচ এখন এই সেঞ্চুরি করে কিনা তাঁদেরই কটু কথা শুনতে হচ্ছে! নিজেদের মাইলফলকের কথা ভেবেই কোহলি-রোহিতরা ধীরে ধীরে ব্যাটিং করেছেন, এমন একটা কথাও উঠছে।

অস্ট্রেলিয়া সফরে এখনো জয়ের দেখা পায়নি ভারত। তিনটি ম্যাচ হেরে এরই মধ্যে পাঁচ ম্যাচের সিরিজটা হেরে গেছে। তিনটি ওয়ানডেতে হেরেছেও প্রায় একই চিত্রনাট্য মেনে। প্রথমে ব্যাটিং করে ভারতের তিন শর মতো স্কোর গড়া, তারপর বেশ অনায়াসেই অস্ট্রেলিয়ার সেই রান তাড়া করে ফেলা।
যদিও তিনটি ম্যাচেই অল্প কিছু বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া, তবু মেলবোর্নে তৃতীয় ম্যাচে অল্প কিছু সময় ছাড়া কোনো ম্যাচে কখনোই মনে হয়নি, অস্ট্রেলিয়া হারবে। এর জন্য বোলিং অবশ্যই দায়ী, তবে ভারতীয়দের হারের বিশ্লেষণে বিদ্ধ হয়েছে ব্যাটিংও।
প্রতিটি ম্যাচের পরই যে ভারতের আর ‘১০-১৫ রানের’ আক্ষেপ রয়ে গেছে। আর এর জন্য কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রথম দুই ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত ও তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করা কোহলিকে। খোদ অস্ট্রেলিয়াই এসব নিয়ে খোঁচাচ্ছে ভারতীয় ব্যাটসম্যানকে।
তৃতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বেশ শান্ত কণ্ঠে এসব সমালোচনার জবাবে বলেছিলেন, এমন কিছু ভারতীয় ব্যাটসম্যানদের মনে কাজ করে না। এবার আরেকটু তীর্যকভাবে একই কথা বললেন দলের পরিচালক রবি শাস্ত্রীও, ‘যদি ওরা মাইলফলকের কথা ভাবত, তাহলে বিরাট কোহলি কখনো দ্রুততম সময়ে ৭ হাজার রান করতে পারত না। ওর আরও ১০০ ম্যাচ বেশি লাগত। এমন হলে রোহিত শর্মাও দুটি ডাবল সেঞ্চুরি করতে পারত না, একটা ২৬৪ রানের ইনিংস থাকত না।’
তবে ব্যাটিং হোক আর বোলিং, কারণ যা-ই হোক, দিন শেষে স্কোরকার্ড দেখাচ্ছে ভারত হেরেছে। তবে শাস্ত্রী এতে লজ্জার কিছু দেখছেন না। অন্তত ভারত যেভাবে পারফর্ম করছে, তাতে আরও ভালো কিছুরই স্বপ্ন দেখছেন ভারতীয় দলের দায়িত্বে থাকা এই সাবেক ব্যাটসম্যান। ক্যানবেরায় আগামীকাল অনুষ্ঠেয় চতুর্থ ওয়ানডের আগে সাংবাদিকদের শাস্ত্রী বললেন, ‘সাম্প্রতিক ফলগুলোর পরও বলছি, ওরা (ভারতের খেলোয়াড়েরা) যেভাবে খেলেছে তাতে বিন্দুমাত্র লজ্জার কিছু নেই। কারণ আমি জানি, অস্ট্রেলিয়া সফরের পর এই দল একটি দিকেই যাবে, সেটি হলো ওপরের দিকে। ১২ মাস আগে টেস্ট সিরিজটির পর কী হয়েছিল আমি দেখেছি। টেস্ট দল হিসেবে আজ আমরা কোথায় দাঁড়িয়ে সেটিও বেশ ভালোই জানি।’
১২ মাস আগেও অস্ট্রেলিয়া সফরে এসেছিল ভারত। চার টেস্টের সিরিজটিতে ২-০তে হেরে গিয়েছিল ভারত। ওই সিরিজেই প্রথম দুই টেস্টে হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচটি খেলে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর বাংলাদেশের মাটিতে একমাত্র টেস্টটি ড্র করেছিল বিরাট কোহলির ভারত, আর জিতেছিল শ্রীলঙ্কার মাটিতে। পরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে তো টেস্টে রীতিমতো ধসিয়েই দিল।
এবার ভারত ওয়ানডেতেও তেমন কিছু করতে পারবে কিনা সেটি সময়ই বলবে।