'ব্যাটসম্যান' সোহাগ ফিরছেন

ব্যাটিং কখনোই খুব খারাপ করেন না সোহাগ গাজী। প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ৬ সেঞ্চুরি। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তো টেস্ট সেঞ্চুরিই করে ফেলেছিলেন। একই টেস্টে হ্যাটট্রিক ও সেঞ্চুরির বিরল কীর্তিও গড়েছিলেন। আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের প্রথম দিন শেষে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত আছেন। তাঁর ব্যাটে ভর করে দিন শেষে তুলেছে ৬ উইকেটে ৩০১। কাল দ্বিতীয় দিনে তিনি ব্যাট করতে নামবেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সপ্তম সেঞ্চুরির অপেক্ষায়।
টস জিতে ব্যাট করা বরিশালের ইনিংসে আতঙ্ক ছড়িয়েছে ঢাকা মেট্রোর মোহাম্মদ আশরাফুলের বোলিং। নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটের মাঠে প্রথম দিন ব্যাট নয় বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ১৭ ওভার বল করে ৫ মেডেনে, ৪৯ রানে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। ৩২ ওভার বল করে ৬ মেডেনে ৯৯ রান দিয়ে ২ উইকেট আরাফাত সানির। ৬১ রানে ১ উইকেট পেয়েছেন পেসার আবু হায়দার।
সকালে বরিশালের ইনিংসের ভিত গড়েছিলেন শাহরিয়ার নাফীস। ৪৮ রানে তিনি ফেরেন আশরাফুলের বলে এলবিডব্লিউ হয়ে। আশরাফুল এর আগে তুলে নেন ফজলে মাহমুদের উইকেট। বোল্ড হয়ে আশরাফুলের তৃতীয় শিকার শাহীন হোসেন। ১২ রানে অপরাজিত থেকে সোহাগকে সঙ্গ দিচ্ছেন মনির হোসেন।
এদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ১ উইকেটে ১৭২ রান তুলেছে খুলনা বিভাগ। বৃষ্টির কারণে ৫০ ওভারেই থেমে যাওয়া প্রথম দিনে ব্যাট হাতে রাজত্ব করেছেন এনামুল হক। ১৪৫ বল খেলে তাঁর ৮৪ রানের ইনিংসটি অবশ্য ছিল খুবই ধীরলয়ের। এই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১টি বাউন্ডারি। ঢাকা বিভাগের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন শাহাদাত হোসেন। শাহাদাতের বলে মেহেদী হাসানের ক্যাচটি উইকেটের পেছনে দাঁড়িয়ে ধরেন উইকেটকিপার জাহিদুজ্জামান।