'ব্যাম্বু'কে হেসে উড়িয়ে দিলেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে কোহলি। ফাইল ছবি
সংবাদ সম্মেলনে কোহলি। ফাইল ছবি

সংবাদ সম্মেলন তখন শেষের দিকে। বেরোনোর জন্য প্রায় উঠেও দাঁড়িয়েছেন। তখনই প্রশ্নটা ধেয়ে গেল তাঁর দিকে। এক ভারতীয় সাংবাদিক হিন্দিতে প্রশ্নটা করলেন। শুনে হাসলেন বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক কী জবাব দেন, মৃদু একটা কৌতূহল তৈরি হলো উপস্থিত সবার মধ্যে। কোহলি যে উত্তরটা দিলেন, তাতে রীতিমতো হাসির রোল পড়ল।বিশ্বকাপে ‘মওকা মওকা’ টিভি বিজ্ঞাপন দিয়ে বেশ শোরগোল ফেলে দিয়েছিল স্টার স্পোর্টস। ভারত সিরিজ সামনে রেখে বাংলাদেশেও তৈরি হয়েছিল একটি বাণিজ্যিক বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন তো আর দেখানোর সুযোগ নেই। ভারতীয় সেই সাংবাদিক যেন পুরো চিত্রনাট্য পড়ে শোনালেন। কোহলি শুনে হাসলেন। বিষয়টিকে একদমই পাত্তা দিলেন না। বিজ্ঞাপনে তো কত কিছুই বলা হয়। বললেন, ‘এটা তো একটা বিজ্ঞাপন। আমি কী বলব? যারা এটা বানিয়েছে তারাই ভালো বলতে পারবে।’
সেই কোমল পানীয়র বিজ্ঞাপনটি নিয়ে না বললেও বাংলাদেশের ক্রিকেট-বিজ্ঞাপন নিয়ে অনেক কিছুই বলার আছে ভারতের টেস্ট অধিনায়কের। টেস্টে বাংলাদেশ যেন পিচ্ছিল বাঁশ বেয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটের ভাষা বদলে গেছে। সে কথাই বললেন বারবার। তবে স্বাভাবিকভাবেই টেস্ট প্রসঙ্গই এল প্রথমে।

যদি সাংবাদিক হতেন তবে কোহলি কী লিখতে পারতেন—ড্রয়ের পরও জিতেছি? এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে কোহলির উত্তর, ‘জানি না কী লিখতাম। তবে আমরা এভাবেই খেলতে চেয়েছি। পুরো ম্যাচের কথা ভাবলে দেখবেন, মাত্র দুটো দিন ঠিকভাবে খেলা হয়েছে। তবে আমাদের বোলাররা যে দাপট দেখিয়েছে, সেটা খুবই দারুণ।’
টেস্টের বাংলাদেশ দল নিয়ে তাঁর মূল্যায়ন কী? এই প্রথম বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা কোহলি বললেন, ‘তাদের দারুণ দারুণ কিছু স্পিনার রয়েছে। উপমহাদেশের কন্ডিশনে ওদের বোলিং যেকোনো দলকেই বিপাকে ফেলতে পারে। তাদের ব্যাটিংও ভালো। কিছু খেলোয়াড় আছে দারুণ প্রতিভাবান। ভালো টেকনিক, খেলা ধরনও দারুণ। আরও বেশি টেস্ট খেললে তাদের আত্মবিশ্বাস বাড়বে। ওয়ানডেতে তারা যেভাবে ভালো করছে, টেস্টেও ভালো না করার কোনো কারণ দেখি না। তারা এমনই এক দল, যারা নিয়মিত চমকে দিতে পারে। ওয়ানডেতে তারা অনেক ধারাবাহিক। তারা আরও ভালো করতে কঠোর পরিশ্রম করবে। একই সঙ্গে টেস্টেও ভালো দলে পরিণত হবে। তাদের জন্য শুভ কামনা। যেকোনো সংস্করণেই তাদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে।’


তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেনের গুগলি ঠিকভাবে পড়তে না পেরে বোল্ড হয়েছেন। কোহলি প্রশংসা করলেন পেসার শহীদ, উইকেটরক্ষক লিটন দাসেরও। একের পর এক তরুণ ক্রিকেটার উঠে আসছে। এখন বাংলাদেশকে আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে হবে। কোহলি যোগ করলেন, ‘তাহলেই তারা নিজেদের যথার্থতা প্রমাণ করবে, আমি নিশ্চিত। আপনার যদি প্রতিভা থাকে, আর এ পর্যায়ে এসে যদি পারফর্ম করতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে সব সংস্করণেই আত্মবিশ্বাসী হবেন। বাংলাদেশের যে তরুণ খেলোয়াড়েরা আসছে, সত্যি সবাই প্রতিভাবান।’

সামনে ওয়ানডে সিরিজ। গত আট মাসে ১৪টি ওয়ানডে খেলে ১১টিতেই জিতেছে বাংলাদেশ। পরাজিত দলের তালিকায় আছে ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলও। ওয়ানডেতে বাংলাদেশের সর্বশেষ হার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, ভারতের বিপক্ষেই। আবারও মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ নিয়ে কী ভাবছেন? কোহলি এবারও প্রশংসার ডালা মেলে ধরলেন, ‘ওয়ানডেতে অবশ্যই তারা বিপজ্জনক দল। গত সিরিজে পাকিস্তানকে হারিয়েছে। ওয়ানডে ক্রিকেটে তারা দারুণ, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। বিশ্ব ক্রিকেটে যেকোনো দলকেই হতাশায় ডোবাতে পারে। অন্য দলকে যেভাবে সমীহ করি, তাদেরও সেটা করছি।’