'ব্রিসবেনের বাদশাহ' হয়েই লড়লেন স্মিথ

ইংল্যান্ডের বিপক্ষে একাই লড়লেন স্টিভেন স্মিথ। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলীয় অধিনায়কের অনবদ্য এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া পেয়েছে ২৬ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও শুরুতেই অ্যালিস্টার কুকের উইকেট হারিয়েছে ইংলিশরা।
ঘরের মাঠে প্রথম ইনিংসে সব কেমন গুবলেট পাকিয়ে ফেলছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। আগের দিনই ৪ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। তৃতীয় দিনের শুরুতেই অর্ধশতক তুলে নেন শন মার্শ। কিন্তু ৩৬ রান তুলতেই আরও ৩ উইকেট হারিয়ে রীতিমতো পথ হারিয়ে বসার উপক্রম হয়েছিল তাদের। সেখান থেকেই প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন স্মিথ। ৪২ রান করেছেন কামিন্স। শেষ পর্যন্ত নিজেদের সংগ্রহকে অস্ট্রেলিয়া নিয়ে গেছে ৩২৮-এ।
৩২৬ বল খেলে ১৪০ রানে অপরাজিত ছিলেন স্মিথ। ২৬১ বলে করা তাঁর সেঞ্চুরিটি অ্যাশেজে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের মন্থরতম। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে একটু একটু করে দলকে বিপদমুক্ত করেছেন। ৫১২ মিনিটের এই ম্যারাথন ইনিংসে ১৪টি বাউন্ডারি মেরেছেন স্মিথ। ‘অধিনায়কোচিত ইনিংসে’র দারুণ এক উদাহরণ দেখা গেল ব্রিসবেনে।
বেশির ভাগ অস্ট্রেলীয় ব্যাটসম্যানই নিজেরে ইনিংস ভালোভাবে শুরু করলেও সেটি ধরে রাখতে পারেননি। ইংলিশরা এই ইনিংসে ‘বডিলাইন’-কেতায় বোলিং করে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের ব্যাকফুটেই দাঁড় করিয়ে রেখেছিল। লেগ সাইড বাউন্ডারিতে ৩ ফিল্ডার ও ৩টি স্লিপ ফিল্ডার নিয়ে ফিল্ডিং সাজিয়েছেন রুট। এরপর ক্রিস ওকসকে দিয়ে একটানা শর্ট বল করিয়েছেন। তাতে বাকি ব্যাটসম্যানরা বিভ্রান্ত হলেও টলেননি স্মিথ। ক্যারিয়ারের ২১তম টেস্ট সেঞ্চুরিটি ঠিকই তুলে নিয়েছেন তিনি।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ইংল্যান্ড ২ উইকেটে ৩৩ রান তুলেছে। কুকের পাশাপাশি আউট হয়েছেন জেমস ভিন্স। দুটি উইকেটই তুলে নিয়েছেন জশ হ্যাজলউড।