'ব্লকাথন' চলছেই

নিজের প্রতিরোধ আর এগিয়ে নিতে পারলেন না হাশিম আমলা। গতকাল দিল্লি টেস্টের চতুর্থ দিনে ভারতের ছুড়ে দেওয়া ৪৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আমলা বল ঠেকানোর ব্রত হিসেবে নিয়েছিলেন। চতুর্থ দিন শেষে ২০৭ বলে ২৩ রানে অপরাজিত প্রোটিয়া অধিনায়ক আজ পঞ্চম দিন সকালে ফিরলেন আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ২ রান যোগ করেই। কিন্তু এই দুটি রান করতে তিনি খরচ করেছেন আরও ৩৭ বল।
রবীন্দ্র জাদেজার বলে আমলা বোল্ড হয়ে ফিরলেও ‘ব্লকাথন’ কিন্তু চলছেই। আমলা ২৪৪ বল খেলে ২৫ রান করে ফেরার পর ব্লকাথনে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে যোগ দিয়েছেন ফ্যাফ ডু প্লেসি। টেস্টের পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৯৪। এই ৯৪ রান স্কোরবোর্ডে তুলতেই তারা খেলেছে ১০৭টি ওভার। অর্থাৎ, ৬৪২ বল। দিনের আর দুটো সেশন হাতে রেখে ডি ভিলিয়ার্স রা কী পারবেন ম্যাচটা অমীমাংসিতভাবে শেষ করতে। ৪৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুদিন ব্যাট করে টেস্টটা ড্র করা তো বড় জয়েরই সমান।
এবি ডি ভিলিয়ার্সকে আজ বারবার পরীক্ষায় ফেলছিলেন ভারতীয় বোলাররা। উমেশ যাদবের দুটো বলে তো রীতিমতো ফিজিও ডাকতে হল তাঁকে। গুড লেংথে পড়ে লাফিয়ে ওঠা ওই দুটো বল গ্লাভসে লাগায় ব্যথায় ছটফট করেই উঠলেন তিনি। সারা দুনিয়া যে ডি ভিলিয়ার্সকে মার-কাটারি ব্যাটসম্যান হিসেবে জানে, সেখানে এই ইনিংসে তাঁর স্ট্রাইকরেট মাত্র ১২.৭৪। তিনিও অনুসরণ করে চলেছেন হাশিম আমলার পথ। ২০৮ বল খেলে তিনি ব্যক্তিগত খাতায় তুলেছেন মাত্র ৩০ রান।
ফ্যাফ ডু প্লেসি যেন ব্লকাথনে ছাড়িয়ে যেতে চাচ্ছেন আমলা-ডি ভিলিয়ার্সকেও। তিনি ৩ রান করতে খেলেছেন ৬১টি বল, স্ট্রাইকরেট আরও ‘ভয়াবহ’—৩.২৭।