'বড় কিছু'র পথে আফগানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ইতিহাস সৃষ্টির পথে রয়েছে আফগানিস্তান। কাল বুলাওয়েতে ২০ বল বাকি থাকতেই জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ এশিয়ার দলটি। ৫ ম্যাচের সিরিজেও এনেছে ২-২ সমতা।
আটটি ওয়ানডে সিরিজ খেললেও কখনো সিরিজ জেতা হয়নি আফগানদের। গত বছর এই জিম্বাবুয়ের বিপক্ষে ২-২ ড্র করাটাই ছিল সর্বোচ্চ সাফল্য। আগামীকাল সিরিজের শেষ ম্যাচের আগে নতুন ইতিহাসের স্বপ্ন দেখেই হয়তো ঘুমাতে যাবে আসগর স্টানিকজাইয়ের দল।
পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল হক কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছে আফগানিস্তান দলে। কাল দুর্দান্ত বোলিং করেছেন আফগানিস্তানের বোলাররা। তাতেই স্বাগতিকেরা আটকে গেল মাত্র ১৮৪ রানে। ১১৩ বলে ৮৬ রান করে যা একটু প্রতিরোধ গড়েন সিকান্দার রাজাই। পেসার দৌলত জাদরান ৩টি ও লেগ স্পিনার রশিদ খান ২টি উইকেট নেন।
ওপেনিং জুটিতে ৭২ রান তুলে ১৮৫ রানের লক্ষ্যটাকে শুরুতে সহজই বানিয়ে ফেলেন নূর আলী জাদরান ও মোহাম্মদ শাহজাদ। একসময় আফগানদের স্কোর ছিল ১ উইকেটে ১১৯। মাত্র ৬৬ রান দরকার, হাতে নয় উইকেট। অনায়াস জয়ের পথেই ছিল সফরকারীরা। কিন্তু দুই দফা ম্যাচে ফিরে আসার প্রাণপণ চেষ্টা করে জিম্বাবুয়ের বোলাররা। লো স্কোরিং ম্যাচটাকে জমিয়েও তোলে। প্রথম ধাক্কায় হুট করে ১৪ রানের ব্যবধানে তিন উইকেট হারায় আফগানিস্তান। এর মধ্যে ছিলেন ৮১ বলে ৮০ রান করে শাহজাদও।
পঞ্চম উইকেটের ৩৭ রানের জুটি সব বিপদ কাটিয়ে উঠেছে বলে মনে হতেই ফের জিম্বাবুয়ের ধাক্কা। জিততে মাত্র ১৫ দরকার, হাতে ৬ উইকেট, এই অবস্থায় ৮ রানের ব্যবধানে আবারও তিন উইকেট নেই! শেষ পর্যন্ত অবশ্য ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
আগামীকাল শেষ ম্যাচটা জিতলে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে সিরিজটি জিতে যাবে আফগানিস্তান, সেটিও কোনো টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে।