'ভাগ্য অবশ্যই একটা ব্যাপার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আত্মবিশ্বাসের জ্বালানি পেল মহেন্দ্র সিং ধোনির দল। ছয় বছর পর জিতল এশিয়া কাপ। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর চ্যাম্পিয়ন ভারত l প্রথম আলো
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আত্মবিশ্বাসের জ্বালানি পেল মহেন্দ্র সিং ধোনির দল। ছয় বছর পর জিতল এশিয়া কাপ। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর চ্যাম্পিয়ন ভারত l প্রথম আলো

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম মহেন্দ্র সিং ধোনির জন্য কখনো হয়ে উঠেছে দুঃখের একচিলতে ভিটেমাটি। কখনোবা সেটি রূপ নিয়েছে আনন্দের বিরাট মঞ্চে। এই মাঠেই ভারত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল। এই মাঠে গত জুনে বাংলাদেশের বিপক্ষে তাদের পুড়তে হয়েছিল ওয়ানডে সিরিজ হারের হতাশায়। এই মাঠে আগের দুটি এশিয়া কাপের কোনোটিতেই তাদের ওঠা হয়নি ফাইনালে।
কাল ধোনির পুরোনো সব হতাশা যেন সন্ধ্যার ওই ঝড়-বাতাসের সঙ্গেই উড়ে গেল। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগের সংবাদ সম্মেলনেই ভাগ্যকে দুষে গেলেন। প্রকৃতির বাগড়ায় ওভার কাটা গেলে সব সময়ই টসটা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। সেটাতেই হেরেছেন বাংলাদেশ অধিনায়ক। ভাগ্যের এই খেলায় কাল জিতেছেন ধোনি। টস জয়েই যেন ক্রিকেট-বিধাতা বার্তা দিয়ে দিয়ে রেখেছিলেন—আজ রাতটাও তোমার! ভারতীয় অধিনায়ক অবশ্য বললেন, ভাগ্যের চেয়ে কর্মেই তিনি বেশি বিশ্বাসী, ‘ভাগ্য অবশ্যই একটা ব্যাপার। তবে আমি মনে করি, ভাগ্য নির্ভর করে আপনার কঠোর পরিশ্রমের ওপর।’
গত জুনে বাংলাদেশের বিপক্ষে হারের পর সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা সহ্য করতে হয়েছিল ভারতীয় দলকে। আট মাস পরে ধোনি বিজয়ী অধিনায়ক। জয়ের পর স্বাভাবিক আনন্দ থাকলেও ধোনির কণ্ঠে নেই বাড়তি উচ্ছ্বাস। দুঃসময়ে ভারতীয় দলকে নিয়ে তুমুল সমালোচনা প্রসঙ্গে অধিনায়ক বললেন, ‘ভারতে ক্রিকেট নিয়ে সবারই মতামত থাকে। কারণ, একজন ক্রিকেটারের অনেক ভক্ত, অনেক এনডোর্সমেন্ট। মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই আপনারা আমাদের বলতে পারেন, এভাবে খেলো, ওভাবে খেলো। আসলে আমাদের কাজটা সহজ নয়। আমাদের যতটা সমালোচনা জোটে, প্রশংসা ততটা নয়। প্রতিনিয়ত এই চ্যালেঞ্জের মধ্য দিয়েই আমাদের যেতে হয়। এটা আপনাকে গ্রহণ করতেই হবে।’
ধোনি অবশ্য রসিকতার সুরে এ-ও বললেন, ‘ভারত যদি ফাইনালে হারত, তবে সেটি সংবাদপত্রে বড় শিরোনাম হতো। জিতলে ততটা বড় শিরোনাম হবে না। যদি বাংলাদেশের কাছে হারতাম, মানুষ জিজ্ঞেস করত, ওদের কাছে হেরেছ? আর জিতলে সেটা বড় ঘটনা নয়।’
সংবাদমাধ্যম কিংবা দর্শকেরা যেভাবেই নিক, ধোনির জন্য এই জয়টা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের বড় রসদই জোগাচ্ছে।