'ভাগ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক  মাঝেমধ্যে সময় এমন চমকে দেয়, আগ থেকে তা আঁচ করা যায় না। শুভাগত হোমও পারেননি বুঝতে। পারলে কি আর ম্যাচটা না খেলার কথা বলতেন! ফতুল্লায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে দক্ষিণাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়েছেন মধ্যাঞ্চলের এই অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের পর বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শুভাগতর এই কীর্তি। অথচ ম্যাচটা নাকি তিনি খেলতেই চাননি! বিসিএলের আগের দুটি ম্যাচ ভালো করেননি বলে হতাশা থেকে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন, তাঁর জায়গায় অন্য কাউকে যেন একাদশে নেওয়া হয়। যদি না-ই খেলতেন রেকর্ডটা কি ছোঁয়া হতো! কাল ম্যাচসেরার পুরস্কার হাতে শুভাগত লাজুক হাসেন, ‘ভাগ্য! ভাগ্যের ছোঁয়া না পেলে কি আর ক্রিকেট খেলা যায়?’