'ভাঙা হাটে' জয়ী দোলেশ্বর
তারার হাট ছিল বিকেএসপিতে। সে তুলনায় ফতুল্লা স্টেডিয়াম যেন ভাঙা হাট! যে কয়জন তারকা ছিলেন, তাঁদের একটাই পরিচয়—একসময় বাংলাদেশ দলে খেলতেন এবং আবার খেলতে চান। প্রিমিয়ার লিগের তিন ম্যাচের মধ্যে প্রাইম দোলেশ্বর-ব্রাদার্সের ম্যাচটাই কাল তাই ‘ছোট’ ম্যাচের মর্যাদা পেল।
‘তারকা’দের মধ্যেও জ্বলে উঠেছেন কেবল দুজন। ব্রাদার্সের ওপেনার জুনায়েদ সিদ্দিক করেছেন ৮৭ রান। দোলেশ্বরের আরাফাত সানি নিয়েছেন ৪ উইকেট। তাঁর দলও ম্যাচ জিতেছে ৪ উইকেটেই।
‘ছোট’ ম্যাচের বড় তারকা দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন। ব্রাদার্সের ২৪৬ রান টপকানোটা দোলেশ্বরের জন্য সহজ হয়েছে তাঁর ব্যাটিংয়ে। আবদুল মজিদের (৪৫) সঙ্গে ৮৭ রানের ওপেনিং জুটি গড়েছেন। তবে তিন অঙ্ক ছুঁতে পারেননি মাত্র ১ রানের জন্য। ৯৯ রানের সময় ধৈর্যচ্যুতি ঘটিয়ে নূর আলম সাদ্দামের বলে মিড অফে ক্যাচ তুলে দিয়েছেন নিহাদুজ্জামানের হাতে।
তাতেও ম্যাচের গতি-প্রকৃতিতে কোনো হেরফের ঘটেনি। ফতুল্লার নিষ্প্রাণ ব্যাটিং উইকেটে দোলেশ্বর ম্যাচ জিতে নিয়েছে নয় বল বাকি থাকতে। ২২৯ থেকে ২৩৮ রানের মধ্যে মাত্র আট বলের ব্যবধানে ৩ উইকেট না পড়লে জয়টা তারা আরও আগেও পেতে পারত।
জুনায়েদ-মিজানের ১১৩ রানের ওপেনিং জুটি স্বপ্ন দেখিয়েছিল ব্রাদার্সকে। কিন্তু এরপর এমনই ধস নামে যে, ১২৭ রানের ব্যবধানে নেই ৯ উইকেট! শেষ ৫ উইকেট পড়েছে ২৯ রানে এবং এর চারটিই নিয়েছেন সানি। আগের ম্যাচেই ৫ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনারকে অবশ্য কাল উইকেট নিতে তেমন কষ্ট করতে হয়নি। বেশির ভাগ উইকেট ব্যাটসম্যানই বিলিয়ে দিয়ে এসেছেন।
এসবের বাইরে ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা, ফিল্ডারের থ্রো থেকে বল মুখে এসে লাগায় আহত হয়েছেন ব্রাদার্সের ধীমান ঘোষ। একই দলের ওপেনার মিজান চোট পেয়েছেন পায়ে। দুজনের কেউই তাই ফিল্ডিং করতে পারেননি।