'ভারত ছাড়া আইসিসির কোনো প্রাসঙ্গিকতা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর। ছবি: এএফপি
বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর। ছবি: এএফপি
>আইসিসির কঠোর সমালোচনা করেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর। বিসিসিআই ছাড়া আইসিসি ‘অপ্রাসঙ্গিক’ বলে মনে করেন তিনি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর কাল তুমুল সমালোচনা করেছেন আইসিসির। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ছাড়া ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ‘কোনো প্রাসঙ্গিকতা নেই’ বলে মন্তব্য করেছেন তিনি।

বিসিসিআই ‘আইসিসিকে বিভিন্ন কাজকর্ম চালাতে পঁচাত্তর শতাংশ মঞ্জুরি দিয়ে থাকে’ বলে মন্তব্য করেছেন অনুরাগ। ভারতের অর্থ এবং করপোরেট বিষয়ক প্রতিমন্ত্রী সাংসদ ‘মহা কুম্ভ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। বিসিসিআইয়ে নবনিযুক্ত কোষাধ্যক্ষ অরুণ ধুমাল তাঁর ভাই। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্ব বিসিসিআইয়ের বর্তমান প্রশাসক মহল আইসিসির কাছ থেকে প্রাপ্য বুঝে নেবে বলেও আশা প্রকাশ করেন অনুরাগ। আইসিসির সমালোচনা করে তিনি বলেন, ‘বিসিসিআই ছাড়া আইসিসির কোনো প্রাসঙ্গিকতা নেই। বিভিন্ন কাজকর্ম চালাতে আইসিসিকে পঁচাত্তর শতাংশ আর্থিক মঞ্জুরি দিয়ে থাকে তারা।’

বোর্ডে নিজের ভাইয়ের ভূমিকা নিয়েও আশাবাদী হিমাচল প্রদেশ থেকে নির্বাচিত ভারতীয় লোকসভার এ সদস্য। ভাইয়ের বিসিসিআই কোষাধ্যক্ষ হওয়া তাঁর রাজ্যের জন্য গর্বের এবং অরুণ সততার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশাবাদী অনুরাগ। ২০১৫ থেকে ২০১৭ সালে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেন অনুরাগ। এখন আর বিসিসিআইয়ের কোনো ব্যাপারে জড়িত না থাকলেও কিছু নির্দিষ্ট বিষয়ে বোর্ড চাইলে পরামর্শ নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অনুরাগের ভাই অরুণও এর আগে কঠোর সমালোচনা করেছেন আইসিসির। ভারত মানে বিসিসিআই ছাড়া আইসিসির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনিও। সভাপতি সৌরভ গাঙ্গুলীর অধীনে কোষাধ্যক্ষ হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক লক্ষ্য হিসেবে বিসিসিআইয়ের রাজস্ব বাড়ানোর কথা বলেন অরুণ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা কখনো কল্পনা করতে পেরেছি আইসিসির রোডম্যাপে বিসিসিআইয়ের কিছু বলার থাকবে না? এটা কেউ কখনো ভাবেনি। বিসিসিআই ছাড়া আইসিসি কি?’ আইসিসি পরিচালনার নতুন মডেল বানাতে যে কমিটি কাজ করছে সেখানে ভারতের কেউ নেই, এ প্রসঙ্গে কথাগুলো বলেন অরুণ।

আইসিসির সঙ্গে সদস্য দেশগুলোর বোর্ডের বিরোধ লাগতে পারে শিগগিরই। এত দিন আইসিসির রাজস্ব থেকে যে পরিমাণ আর্থিক ভাগ পেয়ে এসেছে দেশগুলো সেই অঙ্ক এবার থেকে কমবে। এর আগে সংবাদমাধ্যম জানিয়েছে, আগের তুলনায় খরচ বেড়েছে আইসিসির। নানাবিধ কার্যক্রমের খরচ,অতিরিক্ত টুর্নামেন্ট আয়োজন এবং দুটি নতুন সদস্য দেশ অন্তর্ভুক্ত হয়েছে। আর এ কারণে সদস্য দেশগুলো আইসিসির কাছ থেকে রাজস্বের ভাগ আগের তুলনায় কম পাবে। আর্থিক হিসেবে, সবচেয়ে বেশি লোকসান হবে বিসিসিআইয়ের। সৌরভ সভাপতি হওয়ার পর জানিয়েছেন, রাজস্বের যথাযথ ভাগ পাওয়া নিয়ে আইসিসির সঙ্গে লড়াই করবেন তিনি।