'ভারত জোর খাটিয়ে বেশি লাভ চায় - এটা ফালতু কথা'

রবি শাস্ত্রী বেশ খেপেছেন। বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্য খর্ব হচ্ছে। কমে আসছে ভারতের লাভের অঙ্কের পরিমাণও। যেটি হাজার কোটি টাকার ওপরে। সব দেখে শুনে ভারতের এই ক্রিকেট ব্যক্তিত্ব বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান অবস্থার কারণে যারা সুযোগের ফায়দা নিচ্ছে, তারা যেন হুঁশিয়ার হয়ে যায়। কারণ বিসিসিআই আবারও নিজের সেই রাজত্ব ফিরে পাবে।
তিন মোড়ল নীতি থেকে সরে আসছে আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যমের ধারণা, এর পেছনে বড় হাত আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। শাস্ত্রী সরাসরি কোনো বোর্ডের নাম উল্লেখ না করলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ‘এ ধরনের লোকদের আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, খুব সাবধান। ভারতীয় বোর্ডে যে টালমাটাল চলছে, তা আর বেশি দিন থাকবে না। বিসিসিআই আবারও তার রাজত্ব ফিরে পাবে।’
শাস্ত্রীর দাবি, ভারত ক্রিকেটের মোট আয়ের ৮০ শতাংশের জোগান দেয়। যে বেশি আয় এনে দেয়, সে তো বেশি লাভের ভাগ চাইবেই, ‘আমার মতে আইসিসির টুর্নামেন্টগুলো থেকে লাভ হিসেবে ভারত যা পায়, এর প্রতিটা পয়সার ন্যায্য হিস্যাদার বিসিসিআই। কারণ বিশ্ব ক্রিকেটে ভারতই হ্যামলিনের বাঁশিওলা। এসব টুর্নামেন্টের ৮০ শতাংশের মতো আয় আসে ভারত থেকেই। তার পরও যদি বলা হয়, ভারত জোর খাটিয়ে বেশি ভাগ চাইছে, এর চেয়ে ফালতু কথা আর হয় না। আমি এটা এ জন্য বলছি, বিসিসিআই কিন্তু ৮০ শতাংশ লাভের অঙ্ক চাইছে না, যদিও তা চাওয়ার অধিকার তাদের আছে। আপনি ভারতকে বাদ দিয়ে দেখুন না কত টাকা আয় করতে পারেন।’
ক্রিকবাজকে দেওয়া এই সাক্ষাৎকারে শাস্ত্রী বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওপরও রাগ ঝেড়েছেন। এই দুই বোর্ড বিসিসিআইয়ের পাশে না থাকায় হতাশা ব্যক্ত করেছেন। সূত্র: ক্রিকবাজ।