'ভারত-পাকিস্তান যেখানেই হোক, ব্যাপারটা হতাশার'

মুম্বাই থেকে ইসলামাবাদ। জ্বলছে বিক্ষোভের আগুন। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনকে কেন্দ্র করে এ বিক্ষোভের সূত্রপাত। ভারত-পাকিস্তানের লড়াইয়ের সম্ভাবনা এখন সুতোয় ঝুলছে। সামগ্রিক চিত্রে হতাশ মিসবাহ-উল হক। খেলার মধ্যে কেন রাজনীতি টেনে আনা, প্রশ্ন পাকিস্তান অধিনায়কের।
দুবাই টেস্টের আগে পাকিস্তান অধিনায়ককে কথা বলতে হলো ভারত-পাকিস্তানের চলমান ইস্যু নিয়েও। কট্টরপন্থী সংগঠন শিবসেনার বাধার মুখে অনিশ্চিত ভারত-পাকিস্তান সিরিজ। হতাশা ঝরে পড়ল মিসবাহর কণ্ঠে, ‘এটা সব সময়ই হতাশার। কেবল ভারত-পাকিস্তানেই নয়, যেখানেই হোক না কেন হতাশাজনক। মনে করি, খেলা থেকে রাজনীতি দূরে রাখা উচিত। নইলে যারা খেলাটা খেলছে সবার জন্য সত্যি কঠিন হয়ে যাবে। আমাদের সবার উচিত একে অপরের সঙ্গে খেলা।’
কদিন আগেই নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। এ প্রসঙ্গেও বললেন মিসবাহ, ‘সম্প্রতি অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল করাটাও হতাশার। ক্রিকেটার হিসেবে আমরা একে অপরের বিপক্ষে খেলতে চাই। খেলায় কোনো ধরনের রাজনীতি হোক, সেটা চাই না।’
দুই দেশের সম্পর্ক নতুন করে যেভাবে মোড় নিচ্ছে, শঙ্কা জেগেছে আগামী বছর মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ না আবার পাকিস্তান বয়কট করে বসে! মিসবাহ বিস্তারিত কিছু না বললেও উড়িয়ে দিচ্ছেন না ব্যাপারটি, ‘এটি খুবই উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনা ঘটলে সত্যি মনে প্রভাব ফেলে। জানি না কী ঘটতে যাচ্ছে। তবে অবশ্যই বড় চিন্তার বিষয়। এখানে খেলব না, ওখানে খেলব না-এভাবে ভেবে নিশ্চয় নিজেকে সীমাবদ্ধ করে রাখতে চাইবেন না। আমরা সব জায়গায় খেলতে চাই। খেলাটা উপভোগ করতে চাই।’ সূত্র: ক্রিকইনফো।