'ভারত যেখানেই টেস্ট খেলুক অশ্বিনের থাকা উচিত'

ভারতের হয়ে এর আগে সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। বিশাখাপত্তম টেস্ট এ বছর রবিচন্দ্র অশ্বিনের প্রথম আন্তর্জাতিক ম্যাচও। কাল তৃতীয় দিনের খেলা শেষে ভারতের এ স্পিনার জানিয়েছিলেন, (ভারতের জার্সিতে) ফিরতে পেরে তিনি গর্বিত। আজ সেই গর্ব আরও চওড়া হওয়ার কথা।
কাল ৫ উইকেট নেওয়ার পর নিজের গর্বের কথা জানিয়েছিলেন অশ্বিন। আজ চতুর্থ দিনে তাঁর শিকার আরও ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে অশ্বিনের বোলিং ফিগার ৪৬.২-১১-১৬৫-৭। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে। আর সে আলোচনায় ঘুরে ফিরে উঠে আসছে সুনীল গাভাস্কারের মন্তব্য। কাল তৃতীয় দিনে ভারতের কিংবদন্তি এ ব্যাটসম্যান বলেছিলেন, ভারত যেখানেই টেস্ট খেলুক অশ্বিনের জায়গাটা নিশ্চিত থাকা উচিত।
বিশাখাপত্তম টেস্টে অফিশিয়াল সম্প্রচারকদের গাভাস্কার বলেন, ‘অশ্বিনকে সব সময় রাখা উচিত। এ পর্যায়ে সে কখনো সেভাবে নিশ্চয়তা পায়নি তাই মাঝে মধ্যে কিছুটা বাজে ফর্মে দেখা যায়। আশপাশে সবার আস্থা না থাকলে চেষ্টাটা একটু বেশিই করতে হয়।’ ঘরের মাঠে অশ্বিন ভারতীয় টিম ম্যানেজমেন্টের ‘অটোমেটিক চয়েস’ হলেও দেশের বাইরে তাঁকে সেভাবে বিবেচনা করা হয় না।
>বিশাখাপত্তম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন। এ বছর এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার মনে করেন, ক্রিকেটীয় পারফরম্যান্সের বাইরেও কিছু কারণের জন্য দুর্দান্ত রেকর্ড নিয়েও অশ্বিনকে দলের বাইরে থাকতে হয়
গাভাস্কার মনে করেন, ভারত বিদেশের মাটিতে খেলতে নামলে সব সময় তুলনার শিকার হয়েছেন অশ্বিন। ‘সে আসলে তুলনার শিকার। অস্ট্রেলিয়ায় খেললে নাথান লায়নের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু সে তো নিজের কাজটাই করছে। একইভাবে ইংল্যান্ডে মঈন আলী ৬/৭ উইকেট পেলে বলা হয় সে উইকেট পাচ্ছে না। আমার মনে হয় ক্রিকেটীয় পারফরম্যান্সের বাইরেও কিছু কারণে সে এমন রেকর্ড নিয়েও সাইডলাইনে বসে থাকছে। প্রায় ৩৫০ উইকেট পাওয়া কেউ তার মতো এতটা বাইরে থাকতে পারে না’—বলেন গাভাস্কার।
এ পর্যন্ত ৬৬ টেস্ট খেলে ৩৪৯ উইকেট নিয়েছেন অশ্বিন। ২৭তম বার এক ইনিংসে নিলেন ন্যূনতম ৫ উইকেট। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে অভিষিক্ত হয়েছিলেন ৩৩ বছর বয়সী এ স্পিনার। এরপর এ সংস্করণে অশ্বিনের চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন শুধু অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন (৩৫৫)। তবে এ সময়ে লায়নের চেয়ে ২২টি টেস্ট কম খেলেছেন অশ্বিন।