'ভারত সেই বাউন্সারগুলো গুনে গুনে ফেরত দিচ্ছে'

>১৯৭৪ সালে প্রথমবার ভারতে খেলতে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ভিভ রিচার্ডস। সে সময়ের ভারতের সঙ্গে এখনকার ভারতের কত পার্থক্য, সেটি ভালোভাবেই বুঝতে পারেন এই তারকা। একসময়ে বাউন্সারে বাউন্সারে জর্জরিত হওয়া ভারত এখন অতীতের সেই বাউন্সারগুলো গুনে গুনে ফেরত দিতে জানে
১৯৭৪ সালে প্রথমবারের মতো ভারতে খেলতে এসেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের তখন ভরা মৌসুম। বিশ্ব ক্রিকেটের সব সেরা ক্রিকেটার তখন উইন্ডিজের হয়ে ক্রিকেট দুনিয়া শাসন করছেন। ভারত তখনো পায়ের নিচে মাটি শক্ত করার চেষ্টায়। প্রথমবার উপমহাদেশে এসেই ভারতকে ভিভ দেখেছিলেন পুরোপুরি স্পিননির্ভর হিসেবে। সেই ভারত বিদেশের মাটিতে জিতত কালেভাদ্রে। বিশ্ব ক্রিকেটের শক্তিধর দেশগুলোর সামনে বুক চিতিয়ে লড়াটা ছিল বিরাট ব্যাপার। সে অবস্থাটা যে পাল্টে গেছে, সেটি বলতে খুব বড় ক্রিকেট বিশেষজ্ঞ হতে হয় না। বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মাদের ভারত এখন বিশ্বের সেরা দলের কাতারেই পরে। এরা ঘরে-বাইরে সব জায়গায় জিততে পারে, প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে।
ভিভ রিচার্ডস কোনো বিশেষজ্ঞ মত দেননি। নিজের এত দিনের অভিজ্ঞতা থেকেই মানছেন, ভারত এখন অনেক এগিয়ে গেছে। তারা এখন পুরোপুরি অন্য এক দল। কলকাতায় একটি স্কুলে আমন্ত্রিত অতিথি হিসেবে শুক্রবার তাঁর কণ্ঠে ঝরেছে ভারত আর অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা। তাঁর মতে, সেই ১৯৭৪ সালের ভারত আর এখন নেই, ‘১৯৭৪ সালে যখন প্রথম ভারতে খেলতে এসেছিলাম, তখন ভারত ছিল স্পিনারদের স্বর্গরাজ্য। আর এখন সেই ভারতে এখন পেসাররা রাজত্ব করছে। ভারতে ক্রিকেটটা সম্পূর্ণ বদলে গিয়েছে।’
রিচার্ডস সেই দিনগুলোর কথা মনে করেছেন, যখন প্রতিপক্ষের ফাস্ট বোলাররা বাউন্সারে বাউন্সারে ব্যতিব্যস্ত করে তুলত ভারতীয় ব্যাটসম্যানদের। তাঁর মতে, ভারতীয়দের সেই জবাব দেওয়ার সময় এখনই, ‘অতীতে ভারতকে প্রচুর বাউন্সারের সামনে পড়তে হয়েছে, এখন ওরা সেসব বাউন্সার গুনে গুনে ফেরত দিচ্ছে।’
বিরাট কোহলিকে একজন আবেগপ্রবণ ক্রিকেটার বলছেন রিচার্ডস। সেটি এমনই এক আবেগ, যেটি আধুনিক ক্রিকেটে নিজেদের পারফরম্যান্সের স্বার্থে খুবই প্রয়োজন, ‘ভারতের কোহলির মতো একজন ক্রিকেটার আছে, যে আবেগ বুকে নিয়ে মাঠে নামে। লড়াই করার মানসিকতা রয়েছে তার। সতীর্থদের জয়ের লক্ষ্যে টেনে নিয়ে যাওয়ার, সতীর্থদের কাছ থেকে ভালো পারফরম্যান্স বের করে আনতে পারার ক্ষমতাও কোহলির রয়েছে।’
সাবেক ক্যারিবীয় তারকা মনে করেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে যদি ভারত এবার টেস্ট সিরিজ জেতে, সেটি সম্ভব হবে কোহলির কারণেই। এমন একজন ক্রিকেটার যে দলে আছে, সে দলটি পুরোপুরিই অন্য রকম। সেই ১৯৭৪ সালের ভারতের সঙ্গে এখনকার ভারতকে মেলানো কোনো মতেই সম্ভব নয়।’
সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে এই মাসের ২৬ তারিখ থেকে, মেলবোর্নে।