'ভারতকে প্রয়োজন নেই পাকিস্তানের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালের পর ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। ফাইল ছবি
২০০৮ সালের পর ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। ফাইল ছবি

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে নাটক আরও দীর্ঘায়িত হচ্ছে। কখনো জহির আব্বাস আকুতি জানাচ্ছেন এই সিরিজের জন্য, আবার শোয়েব আখতার বলছেন এই সিরিজ না খেলাই ভালো। ওয়াসিম আকরাম এই সিরিজের দিকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, খেলার সঙ্গে রাজনীতিকে না মেশাতে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বললেন, ভারতকে নাকি প্রয়োজনই নেই পাকিস্তানের।
আট বছর পর ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু রাজনৈতিক ডামাডোলে মাঠে গড়ানোর আগেই হাওয়ায় মিলিয়ে গেছে সেই সম্ভাবনা। পিসিবি প্রধানও হাল ছেড়ে দিয়েছেন, ‘এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে এই সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারত আমাদের সঙ্গে খেলতে রাজি না—এটা মেনে নিতেই হচ্ছে। ওরা এখনো আমাদের না বলে দেয়নি। কিন্তু সময় তো পেরিয়ে যাচ্ছে। সময় হয়েছে বিকল্প কিছু (ভারতের বদলে অন্য কোনো দলকে সিরিজ খেলাতে রাজি করানো) ভেবে বের করার।’
শাহরিয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তৃত্ব মেনে নিয়েছেন। অর্থ বা ক্ষমতাবলে বিসিসিআইয়ের সঙ্গে যে পিসিবি পেরে উঠবে না সেটিও জানা আছে তাঁর। তাই বলে বিসিসিআইয়ের কাছে দেন-দরবার করে সিরিজটাকে বাস্তবে রূপ দিতে রাজি নন তিনি। তাঁর দাবি, পাকিস্তানের ক্রিকেটকে টিকে থাকার জন্য ভারতের দয়া-দাক্ষিণের প্রয়োজন নেই, ‘অর্থনৈতিকভাবে ওরা (বিসিসিআই) বেশ শক্তিশালী। তার মানে কিন্তু এটা নয়, আমরা ওদের ছাড়া টিকব না। আমরা ভালো মতো টিকে আছি, টিকে থাকব। খেলাটির সঙ্গে রাজনীতি মেশানো ঠিক না। দুই বোর্ডের চুক্তি অনুযায়ীই সিরিজটি হওয়ার কথা ছিল। এখন সেটি রক্ষা করার দায়িত্ব তাদের।’ ছবি: এএফপি