'ভারতকে স্লেজিং করব কী, নিজেরাই ঝগড়া করছে'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক খোঁচাই দিলেন স্মিথ! ছবি: এএফপি
দারুণ এক খোঁচাই দিলেন স্মিথ! ছবি: এএফপি

অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে কথার লড়াই থাকবে না, তা কি হয়! ফিল হিউজের মৃত্যুতে সিরিজের প্রথম তিনটা দিনই কেবল শোকের আবহে ছিল। চতুর্থ দিনেই ‘খোলস’ থেকে বেরিয়ে স্লেজিংয়ে লিপ্ত হয়েছেন উভয় দলের খেলোয়াড়েরা। তবে নিজেদের মধ্যে নানা ঘটনায় বেশি আলোচিত ভারতীয় দল। এ কারণে স্টিভেন স্মিথ মজা করেই বললেন, ‘আমরা স্লেজিং করব কী, ভারতীয় ক্রিকেটাররা নিজেরাই তো নিজেদের সঙ্গে ঝগড়ায় ব্যস্ত!’
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে শিখর ধাওয়ানের চোটকে কেন্দ্র করে ভারতীয় সাজঘরে এক চোট নাটক হলো। সেদিন কোহলি-ধাওয়ানের মধ্যে নাকি তপ্ত কথার লড়াইও হয়েছিল। এ ছাড়া চতুর্থ দিনে কয়েকজন ভারতীয় ক্রিকেটারের দেরিতে মাঠা আসা নিয়েও সৃষ্টি হয়েছে অলোড়ন। এ সুযোগে দারুণ এক খোঁচাই দিয়ে বসলেন স্মিথ।
অস্ট্রেলিয়া অধিনায়ক রসিকতা করে বললেন, ‘আমাদের স্লেজিং কিংবা খুব বেশি কথা বলার দরকার নেই। এ মুহূর্তে ভারতীয় খেলোয়াড়েরা নিজেদের মধ্যেই এটা করছে। নিজেদের মধ্যেই তারা বাগবিতণ্ডায় জড়িয়েছে। একে অপরকে অভিযুক্ত করছে। তারা এসব করে আমাদের উপকারই করছে৷ আশা করি, চলতি সপ্তাহে এসব তাদের আরও পেছনে ঠেলে দেবে।’
এরই মধ্যে সিরিজ ২-০ করে ফেলেছে অস্ট্রেলিয়া। সিরিজ আর হারার শঙ্কা নেই৷ এবার জেতার পালা। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘এ সিরিজটি হচ্ছে একবারেই ভিন্ন কন্ডিশনে। আমরা খেলছি বাড়ির পেছনের উঠানে। এভাবে খেলেও গত ১২ মাসে ভালো করেছি। যখন টেস্ট জিততে পারব না, তখনই বিষয়টা চ্যালেঞ্জিং হবে। আশা করি, এ সপ্তাহে ৩-০ করে ফেলতে পারব। সিডনিতে (সিরিজের শেষ টেস্টে) একইভাবে শেষ করার চেষ্টা করব।’ সূত্র: পিটিআই।