'ভারতের এমন হার প্রাপ্য ছিল'

>সিরিজের প্রথম দুই টেস্টে হেরেছে ভারত। এর মধ্যে লর্ডসে তো হেরেছে ইনিংস ব্যবধানে। কোহলির দলের এমন হার প্রাপ্য ছিল বলেই মনে করছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক জিওফ্রে বয়কট
ঠোঁটকাটা হিসেবে সুখ্যাতি-কুখ্যাতি দুটোই আছে জিওফ্রে বয়কটের। সোজা কথাটা তিনি সোজা করে বলতেই ভালোবাসেন। লর্ডস টেস্টে বিরাট কোহলির দলের নিঃশর্ত আত্মসমর্পণের পর বয়কটের কলম চলেছে ছুরির মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’-এ লেখা কলামে সাবেক ইংলিশ ওপেনারের মন্তব্য, ভারতের এমন বিপর্যয় প্রাপ্য ছিল।
এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারলেও লড়াই করেছিল ভারত। সেই লড়াইয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। কিন্তু লর্ডস টেস্টে ভারতীয় ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। কোহলি নিজেও লড়তে পারেননি। পরিণতি, বৃষ্টিতে প্রায় দুই দিন ভেসে যাওয়ার পরও ইনিংস ও ১৫৯ রানের ব্যবধানে হার মেনে নিতে হয়েছে ভারত।
দলটির ব্যাটিং অর্ডারে আছেন কোহলি, পূজারা, রাহানে, রাহুল, বিজয়দের মতো প্রতিষ্ঠিত তারকা ব্যাটসম্যানেরা। বয়কট এই ব্যাটিং লাইনআপকেই দুষে কলামে লিখেছেন, ‘সাদামাটা, দায়িত্বজ্ঞানহীন ও নির্বুদ্ধিতার খুব কাছাকাছি।’ ইংলিশ কন্ডিশনে ভারতীয় দলের মানসিকতারও সমালোচনা করেছেন ১০৮ টেস্ট খেলা সাবেক এই ব্যাটসম্যান, ‘ভারত ইংল্যান্ডে এসেছে এই আত্মতুষ্টি নিয়ে যে, তাঁরা সাধারণত যেভাবে ব্যাট করে সেভাবে করতে পারলেই সব ঠিক থাকবে। ক্রিকেট নিয়ে আপনি পরিকল্পনা এবং পরিশ্রম না করলে খেলাটা আপনাকে পেছনে ঠেলে দেবেই। আর তাই ভারতের এমন বিপর্যয় প্রাপ্য ছিল।’
রাহুল-রাহানেদের ব্যাটিং টেকনিকেরও সমালোচনা করেছেন বয়কট, ‘ভারতের খেলোয়াড়েরা নিজেদের সঙ্গে সমর্থকদের মাথাও নত করেছে। ব্যাটিং ছিল খুব সাদামাটা এবং দায়িত্বজ্ঞানহীন। লোভনীয় আউটসুইঙ্গারে আলতো করে কিংবা ভাসানো ড্রাইভগুলো নির্বুদ্ধিতারই শামিল।’ শনিবার নটিংহামে পাঁচ টেস্টের এ সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে কোহলির দল।