'ভারতের প্রধানমন্ত্রী করা হোক দ্রাবিড়কে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রাবিড়ের শিষ্টাচার ও ভদ্রতায় মজেছেন ভারতীয়রা। ছবি: টুইটার
দ্রাবিড়ের শিষ্টাচার ও ভদ্রতায় মজেছেন ভারতীয়রা। ছবি: টুইটার

• ‘রাহুল দ্রাবিড় ফর পিএম’ প্রচারণা চলছে টুইটার
• তাঁকে ভারতের প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে টুইটারে
• এ দাবির পেছনে কাজ করছে তাঁর মহানুভবতা

দলের সবাই যখন প্যাভিলিয়নের পথ ধরেছেন, রাহুল দ্রাবিড় তখন ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছেন স্রোতের বিপরীতে। খেলোয়াড়ি জীবনে এমন মানসিকতার জন্যই তাঁকে বলা হতো ‘দ্য ওয়াল’। খেলা ছাড়ার পরও কিন্তু দ্রাবিড় সেই দেয়ালই থেকে গেছেন। ভারতের ক্রিকেটপ্রেমীরা এবার তাঁদের প্রিয় এই ওয়ালকে দেখতে চান দেশের প্রধানমন্ত্রী হিসেবে!
দ্রাবিড়কে নিয়ে ভারতীয়দের এমন আবেগ প্রকাশের জন্য কিন্তু দ্রাবিড় নিজেই দায়ী! সবাই যখন স্বার্থের পেছনে ছুটছে, দ্রাবিড় তখন দাঁড়িয়েছেন সমতার পক্ষে। কোচের দায়িত্ব নিয়ে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতানোয় তাঁর জন্য ৫০ লাখ রুপি আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। তবে একই ঘোষণায় কোচিং স্টাফের বাকি সদস্যদের ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করায় খেপে যান দ্রাবিড়। তাঁর দাবি, দলের সবাই সমান পরিশ্রম করেছেন, তাই সবাই সমান পারিশ্রমিকই পাবেন।
শেষ পর্যন্ত বিসিসিআই তাঁর দাবি মেনে কোচিং স্টাফের সবাইকে সমান ২৫ লাখ রুপি করে দিয়েছে। ভারতের ক্রিকেটপ্রেমীরা দ্রাবিড়ের এই বিজয়ে রীতিমতো মোহগ্রস্ত। টুইটারে প্রচারণা শুরু হয়ে গেছে, ‘রাহুল দ্রাবিড় ফর পিএম’!
দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়াদের দল কিন্তু সময়ের সঙ্গে ভারী হচ্ছে। বলিউডের গায়ক বিশাল দাদলানি যেমন টুইট করেছেন, ‘প্রধানমন্ত্রী পদের জন্য দয়া করে আমরা কি দ্রাবিড়কে নির্বাচিত করতে পারি। আমি জানি কথাটা বোকার মতো শোনায়। কিন্তু এ ধরনের মানুষই ভারতের প্রয়োজন, যিনি অন্যের যত্ন নেবেন। আমরা অন্য যেকোনো কিছু শিখতে পারি কিন্তু শিষ্টাচার ও দয়া ভেতর (হৃদয়) থেকে আসে।’
আরেক টুইটার ব্যবহারকারীর মন্তব্য, ‘যে রাজনৈতিক দল দ্রাবিড়কে প্রধানমন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দেবে, আমি সে দলকেই ভোট দেব।’ একজন আবার দ্রাবিড়কে এ পদে দেখতে চান বারবার, ‘জানি না কতবার। তবে শুধু যে মানুষটিকে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, সে রাহুল দ্রাবিড়।’