'ভারতের ষড়যন্ত্রে আজমল-হাফিজ নিষিদ্ধ'

মাত্র তিন মাসের ব্যবধানে পাকিস্তান ক্রিকেটে বড় দুটি ধাক্কা—অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ! বিশ্বকাপের আগ মুহূর্তে দলের দুই গুরুত্বপূর্ণ বোলারের নিষিদ্ধ হওয়ার পেছনে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ খুঁজে পেয়েছেন জাকা আশরাফ। পিসিবির সাবেক চেয়ারম্যানের মতে, আজমল-হাফিজ নিষিদ্ধের পেছনে হাত আছে ভারতের!
গত সপ্তাহে আইসিসি নিষিদ্ধ করে হাফিজকে, সেপ্টেম্বরে আজমলকে। দুজন এখন রয়েছেন পুনর্বাসন-প্রক্রিয়ায়। পিসিবি চাচ্ছে, আইসিসি অনুমোদিত গবেষণাগারে দুজনকে আন-অফিশিয়াল পরীক্ষা করাতে। সে ক্ষেত্রে ভারতের চেন্নাইয়ে হতে পারে দুজনের পরীক্ষা।
কিন্তু আশরাফ বলছেন, ‘তাদের চেন্নাই পাঠিয়ে আসলে কোনো লাভ হবে না। কারণ, আমি মনে করি সাঈদ (অাজমল) ও হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করার পেছনে ভারতেরই হাত রয়েছে। আমার বিশ্বাস, বিশ্বকাপ থেকে দুজনকে ছিটকে ফেলতেই ভারত তার প্রভাব খাটিয়েছে। বায়োমেকানিক পরীক্ষার জন্য দুজনকে অস্ট্রেলিয়ায় আইসিসি অনুমোদিত গবেষণাগারে পাঠালে ভালো হবে।’
হাফিজ কিংবা আজমলকে ভারতে না পাঠানোর ব্যাপারে সাবেক পিসিবি চেয়ারম্যান আরেকটি ব্যাখ্যা দিলেন, ‘শিকারকে ক্ষুধার্ত সিংহের খাঁচায় ঢুকিয়ে আশা করছেন কোনো ক্ষতি হবে না?’ আশরাফ যা-ই মনে করুন না কেন, এরই মধ্যে চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত গবেষণাগারে একটি আন-অফিশিয়াল পরীক্ষার জন্য হাফিজের ভিসার আবেদন করেছে পিসিবি। একই ব্যবস্থা করা হচ্ছে আজমলের জন্যও। এনডিিটভিডটকম, পিটিআই।