'ভালো খেললে সিরিজ জিততে পারব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির রহমান।
সাব্বির রহমান।

আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠেছে তাঁর ব্যাট। ওয়ানডেতে প্রথমবারের মতো তিন নম্বরে ব্যাট করতে নেমে হয়েছেন দারুণ সফল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস আত্মবিশ্বাস জোগাবে সাব্বির রহমানকে। আর বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি তিনি দেখছেন গত দুই বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারানোর সাফল্যে
 ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলে এসেছে ইংল্যান্ড। সেদিক দিয়ে এই সিরিজে চ্যালেঞ্জটা নিশ্চয়ই একটু বেশি...
সাব্বির: যে যখন ঘরের মাঠে খেলে, সে-ই তখন বাঘ। আমরা এখন ঘরের মাঠে খেলছি, ওরা এখানে আসছে। আগে তারা কী করেছে, সেগুলো আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় আমরা ভালো ব্যাটি-বোলিং-ফিল্ডিং করতে পারছি কি না।
 ইংল্যান্ড দলে রুট ও হেলস নেই। এটা কতটা স্বস্তির?
সাব্বির: কে এল না এল, সেটা কোনো বিষয় নয়। এতে এমন কোনো সুবিধা আমরা খুঁজে পাই না। বাংলাদেশ টানা ছয়টি সিরিজ জিতেছে। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলকে আমরা হারিয়েছি। ইংল্যান্ডের হয়ে কে এল আর কে এল না, সেটা নিয়ে তাই ভাবছি না। আমরা শুধু ভাবছি আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলব। আমাদের ভালো খেলতে হবে।
 প্রস্তুতি ম্যাচে ৩০৯ রান করেও বিসিবি একাদশ হেরেছে। এত রান করেও ম্যাচ হারার কারণ কী মনে হয়?
সাব্বির: তিন শ রান তাড়া করা এত সহজ নয়। তারপরও তারা জিতেছে। কারণ ইংল্যান্ড অনেক ভালো দল। ওদের ব্যাটসম্যানরা অনেক ভালো, অনেক অভিজ্ঞও। তা ছাড়া আমাদের অনেক মূল বোলার বল করেনি। আসল ম্যাচে চিত্রটা ভিন্নও হতে পারে।
 নিজেদের ইনিংসের শেষ দশ ওভারে বিসিবি একাদশ ভালো করতে পারেনি। আফগানিস্তান সিরিজেও তা-ই দেখা গেছে। ইংল্যান্ডের বিপক্ষেও কি শেষ দশ ওভারের খেলাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন?
সাব্বির: আমার মনে হয় তেমন পার্থক্য হবে না। আমরা অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলছি। তবে প্রস্তুতিপর্ব শেষ। অনেক দিন পর অনেক ভালো দলের বিপক্ষে খেলব। আফগানিস্তানের বিপক্ষে আমরা কী করেছি না করেছি, সেটা নিয়ে এখন আর ভাবছি না। আমাদের মূল ফোকাস এখন ইংল্যান্ড সিরিজে।
 বড় স্কোর তাড়া করতে অভ্যস্ত ইংল্যান্ড এবং সেটা প্রস্তুতি ম্যাচেও দেখা গেছে। বাংলাদেশ দলের ভাবনায় এদিকটা কতটা গুরুত্ব পাচ্ছে?
সাব্বির: আমি মনে করি, খেলাটা যেহেতু আমাদের মাঠে, আমাদেরই বেশি সুবিধা থাকবে। উইকেট খুব ভালো থাকবে আশা করি। ওরা যদি ৩০০-৩৫০ রানও করে, আমরা তাড়া করতে পারব। এই দক্ষতা ও সামর্থ্য আমাদের আছে।
 সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। জয় আছে ২০১১ বিশ্বকাপেও। এই সিরিজের আগে ওই ম্যাচগুলো কতটা অনুপ্রেরণা দিচ্ছে আপনাদের?
সাব্বির: বিশ্বকাপে ওদের আমরা হারিয়েছি, সেটার আত্মবিশ্বাস আমাদের মধ্যে অবশ্যই আছে। তবে সিরিজের প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো খেলি, ইনশাআল্লাহ সিরিজ জিততে পারব।
 আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে ওয়ানডেতে প্রথমবারের মতো তিন নম্বরে খেলে সফল হলেন। আপনার তিনে নামার সিদ্ধান্তটা কার ছিল?
সাব্বির: কোচ আমাকে তিন নম্বরে খেলার কথা বলেছেন। আমিও হ্যাঁ বলেছি। কিছুদিন ধরেই আমি তিন নম্বরে ব্যাটিং করেছি। প্রিমিয়ার লিগেও ব্যাটিং করেছি তিনেই। এই জায়গাটাতে আমি মানিয়ে নিয়েছি। এ জন্যই কোচ আমাকে তিনে পাঠিয়েছেন। তবে টিম যেখানে চাইবে, সেখানেই খেলতে প্রস্তুত।