'ভূত' দক্ষিণ আফ্রিকার মনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার দক্ষিণ আফ্রিকার অসহায় আত্মসমর্পণ, আরও একবার ভারতের উল্লাস! ছবি: এএফপি
আরও একবার দক্ষিণ আফ্রিকার অসহায় আত্মসমর্পণ, আরও একবার ভারতের উল্লাস! ছবি: এএফপি

ঠিকই বলেছেন সুনীল গাভাস্কার। ​ক্রিকেট বিশ্বে যখন ভারতের উইকেট নিয়ে তুমুল শোরগোল, লিটল মাস্টার বলেছিলেন, উইকেটে যতটা না ভূত, তার চেয়ে বেশি ভূত আসলে ​ব্যাটসম্যানদের মনে আর মানসিকতায়। পরীক্ষা একটু কঠিন হলেই কেন এ কালের বাঘা বাঘা ব্যাটসম্যানরাও ফেল মেরে যায়? উইকেটের মান নিয়ে শুধু নয়, প্রশ্ন তোলা উচিত এখনকার ব্যাটসম্যানদের টেম্পারামেন্ট নিয়েও।

দিল্লির ফিরোজ শাহ কোটলা গাভাস্কারের কথাগুলোই যেন প্রমাণ করে দিল। এবার আর মোহালি-নাগপুরের মতো ‘কুস্তি লড়াইয়ের আখড়া’ বানায়নি ভারত। কিন্তু জুজুতে আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ১২১ রানে অলআউট হয়ে গেল। ​এবি ডি ভিলিয়ার্সের ৪২ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২২ এসেছে বাভুমার ব্যাটে। দক্ষিণ আফ্রিকার ছয়জন ব্যাটসম্যানের চেয়ে ‘মিস্টার এক্সট্রা’ বেশি অবদান রেখেছে প্রোটিয়া ইনিংসে ৫টি বাই ও একটি নো থেকে ৬ রান যোগ করে! দক্ষিণ আফ্রিকার সাত ব্যাটসম্যানের মোট রান ২৩, যাঁদের মধ্যে হাশিম আমলা, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিরাও আছেন!

ভারতীয় ব্যাটসম্যানরাও যে খুব একটা টেম্পারামেন্টের পরিচয় দিতে পেরেছেন, তাও নয়। না হলে ভারতে সিরিজ চলছে, অথচ কিনা প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া গেল শেষ ম্যাচে এসে! স্রোতের বিরুদ্ধে এক রকম একাই লড়াই করা অজিঙ্কা রাহানে ভারতের মাটিতে পাওয়া তাঁর প্রথম ফিফটির ইনিংসটা শেষ পর্যন্ত আজ ১২৭ রানে, পুরো দক্ষিণ আফ্রিকা দলও তাঁর সমান রান তুলতে পারেনি। আগের চার সেঞ্চুরির সবগুলোই ছিল দেশের বাইরে, দেশের মাটিতে রাহানের সর্বোচ্চ ইনিংস ছিল ১৫!

১৯৮ রানে ৭ উইকেট পড়ার পরও ভারত যে শেষ পর্যন্ত ৩৩৪ তুলতে পারল, তাতে রাহানে ছাড়াও অবদান আছে রবিচন্দ্রন অশ্বিনের ৫৬ রানের ইনিংসটিরও। এখন পর্যন্ত ম্যাচেরই সর্বোচ্চ ৯৮ রানের জুটিটা হলো ভারতের অষ্টম উইকেটে, রাহানে-অশ্বিনের মধ্যে। শেষ তিন উইকেটে ১৩৬ রান যোগ করেছে ভারত।

অশ্বিন পরে বল​ হাতে ২ উইকেটও নিয়েছেন। তবে তাঁর আগেই আসল সর্বনাশ করে ফেলেছেন রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব। জাদেজার কৃতিত্বটাই বেশি। দক্ষিণ আফ্রিকার দুই থেকে পাঁচ—চার ব্যাটসম্যানই তাঁর শিকার। এর মধ্যে এক আর ছয়—এই দুজনের ‘দায়িত্ব’ নিয়েছেন যাদব। জাদেজা পরে পিটকেও তুলে নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট পূর্ণ করেছেন।

২১৩ রানে এগিয়ে থেকেও ভারত প্রোটিয়াদের ফলোঅন করায়নি। আগামীকাল সকালে শুরু হবে ভারতের দ্বিতীয় ইনিংস। টেস্টের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার ৩-০তে সিরিজ হারের লজ্জার অপেক্ষাও!