'ভেঙে পড়লে চলবে না'

মুস্তাফিজুর রহমানের দুঃখ সবচেয়ে বেশি বোঝার কথা তাঁরই। ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোট পেয়েছিলেন কাঁধে। মাস দুয়েক পর সেটি নিয়েই বিপিএল খেলতে গিয়ে ছিটকে পড়েন মাঠের বাইরে। ২০১২-এর ১৯ মে দক্ষিণ আফ্রিকায় অস্ত্রোপচার করানোর পর খেলায় ফিরতে লাগে প্রায় নয় মাস। মুস্তাফিজ কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সেটা তাই রুবেল হোসেন ভালোই বুঝতে পারছেন। তবে তাঁর বিশ্বাস, মুস্তাফিজ আবার চেনা রূপেই ফিরে আসবেন মাঠে—
আন্তর্জাতিক ক্রিকেটে এসেই সবাইকে চমকে দিয়েছে মুস্তাফিজ। সবার দৃষ্টি ঘুরে গেছে তার দিকে। এমন দুর্দান্ত শুরুর পরও ক্যারিয়ারের এক বছর যেতে না-যেতেই কাঁধের চোটে পড়ে হঠাৎই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, একজন বোলারের জন্য এটা খুব কঠিন সময়।
বাস্তবতা হলো, চোট ফাস্ট বোলারদের জীবনেরই অংশ। এসবের বিরুদ্ধে লড়াই করে জেতাটাও তাঁর কাজ। ফাস্ট বোলার মাত্রই চোটে পড়বে এবং সেই চোট কাটিয়ে তাকে ফিরে আসতে হবে। মুস্তাফিজকে বলব, মানসিকভাবে শক্ত থাকতে। অস্ত্রোপচারের পর পুনর্বাসনের কাজগুলো করতে হবে অনেক সতর্কভাবে। শক্তি বাড়ানোর জন্য জিম করায় দিতে হবে বাড়তি মনোযোগ।
এ রকম সময় মানসিকভাবে খারাপ লাগাই স্বাভাবিক। মাঠের বাইরে থাকতে কোনো খেলোয়াড়েরই ভালো লাগে না। তার ওপর তা যদি হয় চোটের কারণে, সেটা তো আরও খারাপ। তবে ভেঙে পড়লে চলবে না। আমারও ঠিক একই ধরনের অস্ত্রোপচার হয়েছে। মাঠে ফিরতে লেগেছে প্রায় নয় মাস। আমি কিন্তু ভেঙে পড়িনি। অস্ত্রোপচারের পর আমার বলের গতিও কমেনি।
আমার বিশ্বাস, মুস্তাফিজও মাঠে ফিরবে চেনা রূপেই। তার কাটার থাকবে এখনকার মতোই কার্যকর। আমার তো মনে হয় মানসিকভাবে শক্ত থাকলে এবং পুনর্বাসনের কাজগুলো ঠিকভাবে করলে ও অনেক কম সময়েই ফিরতে পারবে। বিসিবি সব খেলোয়াড়ের চোট এবং চিকিৎসার ব্যাপারেই অনেক আন্তরিক। মুস্তাফিজের ব্যাপারে তো শুরু থেকেই অনেক সতর্ক বোর্ড। তার সম্ভাব্য সেরা চিকিৎসাটাই হবে ইনশা আল্লাহ।
তবে একটা বিষয়ে সতর্ক থাকা জরুরি মনে করি। মুস্তাফিজ যেন পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরে। তাড়াহুড়া না করাই ভালো। ও বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ। তার ব্যাপারে আমাদের সবারই অনেক বেশি যত্নশীল হতে হবে। এত অল্প বয়সে এত প্রতিভাবান একজন বোলারের ক্যারিয়ারে অন্ধকার নেমে আসুক, সেটা আমরা কেউই চাই না। মানসিকভাবে শক্ত থাকলে আর অস্ত্রোপচারের পর পুনর্বাসনের কাজগুলো ঠিকভাবে করলে সেই আশঙ্কার কোনো কারণ দেখি না।