'মধুর যন্ত্রণা'ই দেখছেন কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুকের ব্যাটিং অনুশীলন
কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুকের ব্যাটিং অনুশীলন

বাবা হওয়ার সুখানুভূতি ঠিকমতো উপভোগও করতে পারেননি। নবজাতককে দেখেই উঠতে হয়েছে বিমানে, পরশু চট্টগ্রামে এসে কাল নেমে গেছেন নেটেও। সেই সঙ্গে জল্পনা শুরু চট্টগ্রাম টেস্টে ওপেনিংয়ে কুকের সঙ্গী কে?
গত কয়েক বছরে এই প্রশ্নের উত্তর খুঁজতে জেরবার ইংল্যান্ড। চার বছর আগে অ্যান্ড্রু স্ট্রাউসের অবসরের পর আটজন ব্যাটসম্যানকে অন্য প্রান্তে পেয়েছেন কুক। পাকিস্তানের সঙ্গে দেশের মাটিতে ওপেনিং সঙ্গী অ্যালেক্স হেলস আসেননি এই সফরে। তাহলে কুকের সঙ্গী ১৯ বছর বয়সী হাসিব হামিদ না ২২ বছর বয়সী বেন ডাকেট?
দুজনই নিজেদের দাবিটা ভালোমতোই জানান দিয়ে রেখেছেন। প্রস্তুতি ম্যাচে দুজনই পেয়েছেন ফিফটি, ডাকেট তো ওয়ানডে সিরিজেও আলো ছড়ান। ওপেনিংয়ে না হলেও চার নম্বরে হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন ডাকেট। কিন্তু কার ভাগ্যে শিকে ছিঁড়বে, সেটা জানার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। কুক ব্যাপারটাকে নির্বাচকদের জন্য ‘মধুর যন্ত্রণা’ হিসেবেই দেখছেন, ‘দুজনই যেভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে, সেটাই আমাকে বেশি মুগ্ধ করেছে। আর হ্যাস সম্পর্কে (হাসিবকে) বেশ ইতিবাচক ধারণা পেয়েছি আমি। এই বছরে আমি ওর সঙ্গে দুবার খেলেছি। সে জানে, সে কী করবে। এত অল্প বয়সের একজনের জন্য ব্যাপারটা মুগ্ধ করার মতো। ডাকেটের ধরন একটু অন্য রকম। ওকে বল করাটা বেশ কঠিন, ভাবনাচিন্তাও সে বেশ পরিণত।’
কুক ভবিষ্যতের জন্যও আশার আলো দেখছেন, ‘১৯ বছর ও ২২ বছর বয়সী দুজনকে এভাবে জায়গার জন্য লড়াই করতে দেখা ইংলিশ ক্রিকেটের জন্যই তো দারুণ। আমি তো ভবিষ্যতের কথা ভেবে এখনই রোমাঞ্চিত।’
অনুশীলন ঠিকঠাক করতে না পারলেও কুকের জন্য তা সমস্যা হওয়ার কথা নয়। এশিয়ায় তাঁর রেকর্ড দুর্দান্ত, বাংলাদেশে এর আগের সফরেও দুটি সেঞ্চুরি পেয়েছিলেন। তারপরও এই গরমে নিজেদের মানিয়ে নেওয়াই আসল চ্যালেঞ্জ বলছেন, ‘আমি ভালোই বোধ করছি, তারপরও গরমটা তো ভোগাবেই। এই পরিস্থিতিতে ভালো খেলা অনেক বড় চ্যালেঞ্জ। আপনি নেমেই হুট করে ভালো খেলতে পারবেন না। অনেক বেশি খাটতে হবে এখানে।’ এএফপি, রয়টার্স, মেইল অনলাইন।