
অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জনসির দুই দিনের ক্লাস শেষ হলো গতকাল। কিছুদিন আগেই ক্রিকেটারদের নিয়ে কাজ করে গেছেন আরেকজন মনোবিদ। দুবারের অভিজ্ঞতা, শিক্ষা, ভাবনা, কতটুকু কার্যকর হবে বা হতে পারে, এসব নিয়ে কাল কথা বললেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান এনামুল হক
l আগের মনোবিদের সঙ্গেও কাজ করেছিলেন, এবার করলেন। পার্থক্য কতটুকু অনুভব করলেন?
এনামুল হক: পার্থক্য অনেকটাই। আগে যিনি এসেছিলেন, তাঁর দৃষ্টি ছিল দীর্ঘমেয়াদি। আমাদের ভবিষ্যৎ ভাবনা বা পথচলা কেমন হবে...হয়তো একদিন আমরা চ্যাম্পিয়ন হব বা আমার ৫০টা সেঞ্চুরি হওয়া উচিত, এমন বৃহত্তর দৃষ্টিকোণ থেকে। ওনার ভাবনা ছিল লক্ষ্য অনেক বড় হওয়া উচিত। আর এবার ইনি করছেন অনেকটা বিস্তারিত কিছু এ মুহূর্তে কী করতে পারি। যেমন ব্যাটিং করার সময় অনেক চিন্তা আসে আমাদের। হয়তো ইতস্তত করছি, ভয়-ভীতি কাজ করে বা বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে না। এসব কীভাবে সামলানো উচিত, সেসব বিস্তারিত শিখিয়েছেন। ছোট ব্যাপারগুলো গভীরভাবে বলেছেন ইনি।
l নতুন কিছু কতটুকু শিখলেন?
এনামুল: অনেক সময় আমরা নিজেরাই এসব করি, অনেক সময় ভুলে যাই। সে ক্ষেত্রে উনি যা বললেন, সেটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে অনেক কাজে দেবে। যেমন আমরা ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি। একজন বোলার যদি চার-পাঁচটি বাউন্সার দেয় টানা, আমরা হয়তো ভড়কে যেতে পারি। উনি বলেছেন, সে সময়ও যেন আমরা সেরা সময়ের মতোই মানসিকতা ধরে রাখি। এসব অবশ্যই কাজে দেবে।
l আজকের আলোচনায় কোন বিষয়টিতে জোর দেওয়া হয়েছিল?
এনামুল: আজকে আমাদের একেকজনের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হয়েছে যে কে কেমন। কে কীভাবে চিন্তা করে। এরপর সেভাবে বলে দেওয়া হয়েছে যে কার ভাবনায় কোথায় গলদ আছে, কার কোথায় ঠিক করতে হবে। হয়তো কোনো কিছু বেশি আছে তা কমাতে হবে, কোথাও ঘাটতি আছে তা বাড়াতে হবে।
l আবেগ নিয়ন্ত্রণ করার ব্যাপারে অনেক কিছু নাকি বলেছেন?
এনামুল: হ্যাঁ, আবেগ নিয়ন্ত্রণ নিয়ে অনেক কিছু বলেছেন। হয়তো টানা চার-পাঁচটি বল ডট হলে পরের বলটা আমরা মেরে দিতে চাই। তাতে আউট হওয়ার শঙ্কা থাকে। ওই সময় নিজেকে ধরে রাখতে হবে। শেখার তো অনেক কিছুই আছে। আস্তে আস্তে হবে। উনি এসে শিখিয়ে দিলেই যে হয়ে যাবে, এমন নয়। আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে। অনুশীলনে এসবের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে, এরপর ম্যাচে। এভাবেই হবে।
l তাহলে স্থায়ী ভিত্তিতে একজন মনোবিদ কি প্রয়োজন?
এনামুল: এসব আসলে প্রতি মুহূর্তেই মনে করিয়ে দেওয়ার ব্যাপার নয়। উনি যা বলে যাচ্ছেন, সেসব আমাদের অনুসরণ করতে হবে। প্রয়োজন হলে নিশ্চয়ই আবার আনা হবে। ব্যাপারটা আমাদের যে আমরা মনে রাখছি কি না।
l কোনো সূচি দিয়ে যাচ্ছেন উনি?
এনামুল: সূচি করে দিয়ে যাননি। আমাদের চর্চা চালিয়ে যেতে হবে। অনেক গ্রেট ক্রিকেটারের কথা বলেছেন যাঁদের নানা জায়গায় ঘাটতি ছিল। কিন্তু কাজ করে উন্নতি করেছেন।
l যেমন?
এনামুল: গিলক্রিস্টের কথা বলা হয়েছে যে সে ‘মজিল’ টাইপের, যা বলে সেটাই করে। তার যা মনে হয়, সে সেটাই করবে। আবার হেইডেন কোনো কিছু নিয়ে অনেক ভাবত এবং সেটা নিয়ে কাজও করত। আবার মার্টিনের কথা বলা হয়েছে সে কারও পরোয়া করত না সেভাবে, কিন্তু মাঠে নিজের কাজটা ঠিকঠাক করত। এ ছাড়া সাইমন্ডস, সাঙ্গাকারা, জয়াবর্ধনেদের প্রসঙ্গও এসেছে।
l যা শিখলেন, সেসবের প্রতিফলন কত দ্রুত পড়তে পারে মাঠে?
এনামুল: নগদ কাজ করতে পারে, যদি আমরা নগদ এটা কাজে লাগাতে পারি। না পারলে দীর্ঘ মেয়াদে হয়তো কাজ করবে।