'মাথাটা বেশি ব্যবহার করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শূন্যে শরীর ভাসিয়ে অবিশ্বাস্যভাবে ব্রেন্ডন টেলরকে তালুবন্দী করলেন মুশফিকুর । উদ্‌যাপনের সঙ্গী হতে ছুটে এলেন এনামুল l প্রথম আলো
শূন্যে শরীর ভাসিয়ে অবিশ্বাস্যভাবে ব্রেন্ডন টেলরকে তালুবন্দী করলেন মুশফিকুর । উদ্‌যাপনের সঙ্গী হতে ছুটে এলেন এনামুল l প্রথম আলো

নামের পাশে তখন ৯৮ রান। সাকিব আল হাসান ঠিক করলেন, নতুন কিছু করতে হবে। সেঞ্চুরি করলে উদ্যাপন হতে হবে ব্যতিক্রমী। সেটা কী?
সেটা কী, তা এরই মধ্যে আপনারাও জেনে গেছেন। সেঞ্চুরির পর ব্যাট, হেলমেট মাটিতে রেখে চারদিকে ঘুরে ঘুরে দেখালেন ব্যাটিং শ্যাডো। দেখে মনে হচ্ছিল দর্শকদের উদ্দেশেই হয়তো এটা করলেন। কিন্তু সংবাদ সম্মেলনে সাকিব সেটা বললেন না। কেন অমন উদ্যাপন? তাঁর রসিকতাপূর্ণ উত্তর, ‘এই যে আপনারা এই প্রশ্ন করবেন...সে উদ্দেশ্যেই।’ পরে হাসিমুখে সঙ্গে জড়িয়েছেন তাঁর একসময়ের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে, ‘সালাউদ্দিন স্যার ইদানীং নাকি আবেগপ্রবণ হয়ে পড়েছেন, এটা ওনার উদ্দেশে। উনি ফোন ধরছেন না। আপনারা ওনাকে ফোন দিয়েন।’
সংবাদ সম্মেলন থেকে ড্রেসিংরুমে ফেরার পথে আবারও প্রশ্নটা তোলা হলো। সেঞ্চুরির এমন উদ্যাপন কি আগে থেকেই ঠিক করা? সাকিব এবার বললেন, ‘আমার রান যখন ৯৮, তখনই ঠিক করেছিলাম, উদ্যাপনটা এভাবে করব। তবে এর বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না।’
সংবাদ সম্মেলনে সাকিবকে প্রায়ই টেনে আনে তাঁর পারফরম্যান্স। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই সিরিজে তিনি যেন একটু বেশিই ভালো খেলছেন! রহস্যটা কী? শুনুন সাকিবের মুখেই, ‘হয়তো বয়সের কারণে...যত বেশি খেলব আস্তে আস্তে পরিণত হব। সেটা হয়তো হচ্ছি।’
ব্যাটিংয়ে আগের চেয়ে ধীরস্থির। কঠিন সময়েও মাথা ঠান্ডা রাখতে পারছেন, সাকিবের কাছে পরিণত হওয়ার লক্ষণ এসবই, ‘আসলে বলার চেয়ে এটা অনুভব করা যায় বেশি। অনেক শান্ত ছিলাম আজকের (গতকালের) ব্যাটিংয়ে। টেস্ট সিরিজের ব্যাটিংয়ের সময়ও অনেক নির্ভার ছিলাম, শান্ত ছিলাম।’ অবশ্য যত পরিণত হচ্ছেন, তত আফসোসও বাড়ছে সাকিবের, ‘যখন আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করি... তখন একটু আফসোসই লাগে। এখন যেমন ব্যাটিং করছি, আগেও এর চেয়ে খুব বেশি ভালো ব্যাটিং করতাম না। কিন্তু আমার মনে হচ্ছে, এখন মাথাটাকে বেশি ব্যবহার করছি। যেটা আগে করলে হয়তো টেস্ট-ওয়ানডেতে আরও পাঁচ শ-এক হাজার রান বেশি করতাম।’
সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেট পেলে সোনায় সোহাগা হতো। ওয়ানডেতে প্রথমবারের মতো ৫ উইকেট তো পেতেনই, এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়ার তৃতীয় ক্রিকেটারও হয়ে যেতেন। ১ উইকেটের জন্য সেটা না হওয়ায় আফসোস আছে সাকিবের, ‘ব্যাটিংটা উপভোগ করেছি, তবে ৫ উইকেট পেলে আরও বেশি উপভোগ করতাম। যেহেতু ক্যারিয়ারে এখনো এটা নেই...।’
সংবাদ সম্মেলনে সাকিবের পাশেই ছিলেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কত্বে ফেরাটা জয় দিয়ে উদ্যাপন করতে পেরে খুশি তিনি। তবে তাঁর মুখে বারবার সাফল্যের ‘নেপথ্য নায়ক’ সাকিবের কথাই, ‘অধিনায়ক হিসেবে আমার যতটুকু ভালো লাগছে, প্রত্যেকটা খেলোয়াড়েরও ততটাই ভালো লাগছে। একটা পর্যায়ে ম্যাচটা জেতা কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু মুশফিক-সাকিবের বড় জুটি হওয়াতে ম্যাচটা আমাদের হাতে চলে আসে। বোলিংয়ে শুরুটা ভালো না করতে পারলেও ম্যাচ সাকিব আমাদের হাতে নিয়ে আসে। আসলে পুরো ম্যাচ ও একাই খেলেছে।’
সাকিবের কথারই প্রতিধ্বনি যেন অধিনায়কের মুখে! এই সাকিব অনেক পরিণত।
আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শিশিরের কারণে এটিসহ সিরিজের বাকি ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।