'মানকাডেড' নয়, আউটটির নাম হওয়া উচিত 'ব্রাউনড'!

এক বলে দরকার এক রান। বোলার বল করতে আসতেই রানের জন্য মরিয়া নন-স্ট্রাইক ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে এলেন। সুযোগ দেখে বোলারও বল না করে ভেঙে দিলেন স্টাম্প। আউট! মানকাড আউট হয়ে ফিরে গেলেন ব্যাটসম্যান। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এমনই এক আউটে জিম্বাবুয়েকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে আর কোনো ‘মানকাডেড’ আউট দেখতে চান না সুনীল গাভাস্কার। না, আইসিসির নিয়ম পাল্টাতে বলছেন না গাভাস্কার। তিনি বলছেন এই আউটের নাম পাল্টাতে। ক্রিকেটে যে আউটকে ঘৃণার চোখে দেখা হয়, সেটার সঙ্গে ভারতের ক্রিকেটের এক কিংবদন্তির নাম জড়ানোতেই আপত্তি গাভাস্কারের, ‘আমার এতে ভয়ংকর আপত্তি, কারণ ভারতের এক কিংবদন্তির নামকে বাজেভাবে প্রচার করা হচ্ছে। তিনি ভারতের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তাঁর নামে নোংরা লাগানো ঠিক না।’ এ আউটের জন্ম হয়েছে ভিনু মানকড়ের সুবাদে। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনার বিল ব্রাউনকে আউট করেছিলেন মানকড়। ওই সফরেই ব্রাউনকে একটি প্রস্তুতি ম্যাচেও একইভাবে আউট করেছিলেন। এর পর থেকেই এই ধরনের আউটকে রানআউটের চেয়ে বরং বলা হয় ‘মানকাড আউট’।

গাভাস্কারের দাবি, এখানে তো মানকড় ভুল কিছু করেননি। এ ঘটনায় দোষ যদি কারও হয়ে থাকে সেটা ব্রাউনের। তাই আউটের নামটা তাঁর নামেই হওয়া উচিত, ‘যদি কারও নাম জড়াতেই হয় তবে সেটা নন-স্ট্রাইকিং ব্যাটসম্যানের হওয়া উচিত। মানকড় দুবার সতর্ক করে দেওয়ার পরও সে ক্রিজ ছেড়ে বেড়িয়েছে। মানকড় যখন তৃতীয়বারে বেল ফেলে দিয়েছিলেন, তখনই যত চিৎকার-চেঁচামেচি। আমার মতে এটার নাম হওয়া উচিত “ব্রাউনড”, কারণ আউট ব্রাউন হয়েছিলেন। তাঁর ভুল ছিল, মানকড়ের না।’

সে সময় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম মানকড়ের এই ‘অখেলোয়াড়সুলভ’ আচরণের জন্য সমালোচনার ঝড় বইয়ে দেয়। তবে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্যার ডন ব্র্যাডম্যান সব সময় মানকড়কে সমর্থন জানিয়েছেন। আত্মজীবনী ‘ফেয়ারওয়েল টু ক্রিকেট’-এ মানকড়ের খেলোয়াড়ি মনোভাব নিয়ে গণমাধ্যমের প্রশ্ন তোলাটাকেই অন্যায় বলেছিলেন। ব্রাউন নিজেও এ আউটের দায় নিজের কাঁধে নিয়েছিলেন।
গাভাস্কারের মতে এ আউট নিয়ে বিতর্কের কোনো মানে হয় না। কারণ আইন যেহেতু আছে সেটা সবার মানা উচিত, ‘আমার মতে এ নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নেই। যদি ব্যাটসম্যান অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে বোলারের পূর্ণ অধিকার আছে বেল ফেলা দেওয়ার। এমনকি সতর্ক না করেই।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।