'মানকাড' আউট এবার ফতুল্লায়

কদিন আগেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘মানকাড’ আউট নিয়ে তোলপাড় হয়েছিল। চট্টগ্রামে জিম্বাবুয়ের এক ব্যাটসম্যানকে বল করার আগেই রান আউট করেই তো ওয়েস্ট ইন্ডিজ উঠে গিয়েছিল শেষ আটে। শেষ পর্যন্ত শিরোপাও জিতেছে ক্যারিবীয়রা। সেই আউটের রেশ কাটতে না কাটতেই আবার ‘মানকাড’ আউট। এবারও সেটি ঘটল বাংলাদেশেই। কাল ফতুল্লায় এশিয়া কাপের বাছাইপর্বে হংকংয়ের সঙ্গে ওমানের ম্যাচেই ফিরে এল সেই আউট!
১৮০ তাড়া করতে এসে ব্যাট করছিল হংকং। নবম ওভারে বল করছিলেন ওমানের আমির কালিম। বলটা হাত ঘোরানোর আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন হংকংয়ের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। কলিম পুরো হাত না ঘুরিয়েই চট করে ভেঙে দেন স্টাম্প। হতভম্ব চ্যাপম্যান তখনো ক্রিজের বাইরে। আম্পায়ারও বোধ হয় কয়েক সেকেন্ডের জন্য হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত আঙুল উঁচিয়ে ধরলেন আম্পায়ার, চ্যাপম্যান আউট।
শ্বাসরুদ্ধকর ওই ম্যাচটা শেষ পর্যন্ত পাঁচ রানে হেরে গেছে হংকং। ওই সময় চ্যাপম্যান আউট না হলে ম্যাচের ফলটা অন্যরকমও হতে পারত। হংকংয়ের কোচ সাইমন কুক পরে নিজের ক্ষোভটা চেপে রাখেননি, ‘আমার মনে হয় এটা খুবই কাপুরুষোচিত একটা কাজ হয়েছে। ক্রিকেট খেলাটা তো এভাবে খেলার কথা নয়। এভাবে আউট করাটা ক্রিকেটের চেতনার সঙ্গেও একদমই যায় না।’
কুক মনে করছেন, চ্যাপম্যানকে কালিম অন্তত একবার সতর্ক করে দিতে পারতেন, ‘আইনের দৃষ্টিতে এটা হয়তো বৈধ, কিন্তু একবার তো অন্তত সতর্ক করে দেওয়া যেতে পারত। সবকিছু মিলে ব্যাপারটা খুবই হতাশাজনক। হ্যাঁ, এমসিসি নিশ্চয় যৌক্তিক কারণেই আইনটা রেখেছে। কিন্তু আমার মনে হয় এ রকম আউট করার আগে একবার সতর্ক করে দেওয়াটাই ক্রিকেটের চেতনা হওয়া উচিত।’
আন্তর্জাতিক ক্রিকেটে ‘মানকাড’ আউটের সর্বশেষ ঘটনাটি দুই বছর আগের। ইংল্যান্ডের জশ বাটলারকে রান আউট করে দিয়েছিলেন শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েকে।