'মানকাড' আউট ভুল ছিল, বললেন বাটলার

আইপিএলে রবিচন্দ্র অশ্বিনের হাতে ‘মানকাড’ আউট হয়েছিলেন জস বাটলার। সেই আউট নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি
সেই আউটের পর এত দিন চুপ করেই ছিলেন জস বাটলার। মাঝে আইপিএলের দুটি ম্যাচে রান পাননি। পরশু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পেয়েছেন ম্যাচ জেতানো ফিফটির দেখা। এরপরই ‘মানকাড’ আউট নিয়ে মুখ খুললেন বাটলার। জানালেন, রবিচন্দ্র অশ্বিনের হাতে ওভাবে আউট হওয়ার পর ভীষণ বিরক্ত লেগেছে তাঁর। বাটলারের বিশ্বাস, তিনি-ই সম্ভবত পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান যে দুবার ‘মানকাড’ আউট হয়েছে।
ঘটনাটা আইপিএলের তৃতীয় দিনে। রাজস্থান-পাঞ্জাব ম্যাচে বাটলারকে মানকাড আউট করেন পাঞ্জাব অধিনায়ক অশ্বিন। এমনিতেই মানকাড আউট হলেই ক্রিকেটীয় চেতনা নিয়ে প্রশ্ন ওঠে। আর অশ্বিন নিজের স্বাভাবিক বোলিং অ্যাকশন থামিয়ে ব্যাটসম্যান কখন ক্রিজের বাইরে যাবেন, তার অপেক্ষায় ছিলেন। ফলে আউটটি দেখতেও দৃষ্টিকটু লেগেছে।যদিও ক্রিকেটের আইন কিছুটা পরিবর্তন হওয়ায় এখন একে বেআইনি বলার উপায় নেই। কিন্তু ম্যাচ জেতার জন্য এভাবে ‘নগ্ন’ চেষ্টা ভালো চোখে দেখেননি অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আউটের পক্ষে-বিপক্ষে ঝড় বয়ে গেছে বেশ কিছুদিন।
জয়পুরে অনুষ্ঠিত পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচে ৬৯ রানে থাকতে মানকাড আউট হন বাটলার। আইপিএলে সাত ইনিংসে ষষ্ঠ ফিফটির দেখা পেয়েছিলেন বাটলার সেই ম্যাচে। কিন্তু ওই আউটের পর দুটি ম্যাচেই বাজে ব্যাট করেছেন, হেরেছে তার দলও। এরপর সেই জয়পুরেই পরশু ফিফটি তুলে নিয়ে জিতিয়েছেন দলকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’কে বাটলার বলেন, ‘তখন (আউট হওয়ার সময়) খুব খারাপ লেগেছে। আউটের ধরনটা পছন্দ হয়নি। আরও কষ্টের ব্যাপার হলো, পরের দুটি ম্যাচে এই আউট নিয়ে বেশি সাবধান থাকতে গিয়ে ব্যাটিংয়ে মনোযোগ ছিল না। আমার ধারণা ফুটেজ দেখলে যে কেউ বুঝতে পারবে, সিদ্ধান্তটি ভুল ছিল। কারণ যে সময় তাঁর বল ছাড়ার কথা তখন আমি ক্রিজে ছিলাম। যা ঘটেছে তার সঙ্গে আমি একমত নই। কিন্তু কী করার আছে! আমি-ই সম্ভবত একমাত্র ব্যক্তি যে দুবার ওভাবে আউট হলাম। এটা আর যেন না ঘটে তা নিশ্চিত করব।’
বাটলার মনে করেন ক্রিকেটের স্বার্থেই মানকাড আউট থাকার দরকার আছে। ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় আইনটির ধারা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘খেলার আইনের মধ্যে অবশ্যই এটা থাকতে হবে। কারণ ব্যাটসম্যান অর্ধেক পিচ পর্যন্ত এগিয়ে থাকতে পারে না। কিন্তু আইনটি নিয়ে প্রশ্নের জায়গাও আছে। বলা হয়েছে “বোলারের বল ছাড়ার প্রত্যাশিত মুহূর্ত”—এ জায়গাটা বেশ দুর্বল।’