'মানকাড' নিয়ে পাল্টা খোঁচা অশ্বিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন। ছবি: এএফপি
ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন। ছবি: এএফপি
জেমস অ্যান্ডারসনের খোঁচাটা এত দিন মনে রেখেছিলেন রবিচন্দ্র অশ্বিন


খোঁচা হজম করা কঠিন। অনেকেরই মনে থেকে যাওয়ার কথা। রবিচন্দ্রন অশ্বিন বোধ হয় তেমন মানুষদেরই একজন। ‘মানকাড’ আউট নিয়ে জেমস অ্যান্ডারসন তাঁকে খোঁচা মেরেছিলেন গত বছরের মার্চে। প্রায় ১০ মাস পর পাল্টা খোঁচা মারলেন অশ্বিন।

ঘটনার সূত্রপাত কাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ের ম্যাচ। পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হুরাইরাকে ‘মানকাড’ আউট করেন আফগান স্পিনার নুর আহমদ। বল করতে লাফ দেবেন এমন সময়ে অবচেতনভাবেই দাগের বাইরে চলে গিয়েছিলেন হুরাইরা। বোলাররা বল করার সময় নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানরা রান নেওয়ার প্রস্তুতিতে যেভাবে এগোন আরকি। ১৫ বছর বয়সী নুর তা খেয়াল করে কোনোরকম দ্বিধা ছাড়াই ভেঙে দেন স্টাম্প। রান আউট হুরাইরা। ক্রিকেট খেলার চেতনাবিরোধী এ আউটে ঝড় উঠেছে টুইটারে।

অ্যান্ডারসনকে খোঁচাটা টুইটারেই মেরেছেন অশ্বিন। তবে সেটির সূত্রপাত আবার অ্যান্ডারসনের টুইট থেকে। আইসিসির কাছে মানকাড আউটের বিলোপ চেয়েছেন ইংলিশ পেসার। আইসিসি ও এমসিসিকে ট্যাগ করে টুইট করেন, ‘আমরা কি আইনটি মুছে ফেলতে পারি?’ ক্রিকেটের চেতনাবিরোধী এ আউটের বরাবরই বিরোধী অ্যান্ডারসন। খেলাটির আইনে বলা আছে, ‘বোলার বল ছাড়বেন এমন সময়ে নন স্ট্রাইকার (বোলারের প্রান্তের ব্যাটসম্যান) ক্রিজের বাইরে থাকলে তাকে রান আউট করা আইনসিদ্ধ।’

অশ্বিনের রি-টুইট। ছবি: টুইটার
অশ্বিনের রি-টুইট। ছবি: টুইটার

বিতর্কিত এ আউট নিয়ে একবার খোলাখুলি অশ্বিনের সমালোচনা করেছিলেন অ্যান্ডারসন। গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের ইংলিশ ক্রিকেটার জস বাটলারকে মানকাড আউট করেছিলেন অশ্বিন। তখন ভারতীয় এ স্পিনারের ছবি ‘শ্রেডার মেশিন’-এ কুচি কুচি করে কাটার ভিডিও টুইটারে পোস্ট করেছিলেন অ্যান্ডারসন। অশ্বিন তখন আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছিলেন। পরে এ কথাও বলেছিলেন, সুযোগ পেলে তিনি আবারও মানকাড আউট করবেন। কিন্তু অ্যান্ডারসনের খোঁচাটা হজম করতে পারেননি। আর তাই অ্যান্ডারসন এ আউট নিয়ে টুইট করতেই তোপ দাগলেন তাঁকে।

অ্যান্ডারসনের টুইট রি-টুইট করে অশ্বিন লিখেছেন, ‘আইনটির বিলোপ করতে হয়তো সময় লাগবে। “শ্রেডার মেশিনে” (কুচি কুচি করে কাটার যন্ত্র) আপাতত কাজ চলতে পারে।’

ইংলিশ পেসারটি এখন কী জবাব দেন, সেটাই দেখার বিষয়।