>ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৪৫। বল হাতে ৩০ রানে ২ উইকেট। প্রথম উইকেটটা আবার ওয়ানডেতে নিজের প্রথম বলেই। অভিষেকেই নজরকাড়া মোসাদ্দেক হোসেন জানালেন, ঘরোয়া ক্রিকেটের ফর্মটা টেনে এনেই পেয়েছেন এই সাফল্য
*গত প্রিমিয়ার লিগের ফর্মটাই আন্তর্জাতিক ক্রিকেটে টেনে আনলেন। এত দ্রুত কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিলেন?
মোসাদ্দেক হোসেন: অভিষেক ম্যাচের আগে কোচ আমাকে বলে দিয়েছিলেন, তোমার প্রথম ম্যাচ, পারফরম্যান্স নিয়ে চিন্তা করো না। শুধু খেলাটা উপভোগ করো। আবাহনীতে যেভাবে খেলেছ, সেভাবেই খেলার চেষ্টা করো। এখানে পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ নয়, আজকের ম্যাচটা উপভোগ করো। আমিও শুধু উপভোগ করারই চেষ্টা করেছি।
*প্রথম ম্যাচে ব্যাটিং ভালো করলেন। সাফল্য পাচ্ছেন বল হাতেও...

মোসাদ্দেক: আসলে অলরাউন্ডার হিসেবেই দলে সুযোগ পেয়েছি। ব্যাটিং ছিল প্রথম অংশ, পরে বোলিং। ব্যাটিংয়ে কী করেছি সেটা ফিল্ডিংয়ে নামার পর ভুলে গেছি। আমার কাজ তখন বোলিং ও ফিল্ডিং। বোলিংয়ে আমার যেটা কাজ, সেটাই করার চেষ্টা করেছি।
*প্রথম ম্যাচে বল হাতে দেওয়ার সময় অধিনায়ক কিছু বলেছিলেন?
মোসাদ্দেক: মাশরাফি ভাই আমাকে শুধু এটাই বলেছিলেন, জায়গায় বল কর, ডট বল করার চেষ্টা কর। আমিও শুধু ডট বল করার চেষ্টা করেছি।
*প্রথম ম্যাচে আপনাকে যে জায়গায় নামানো হলো, আপনি কি প্রস্তুত ছিলেন যেকোনো জায়গায় ব্যাট করার জন্য?
মোসাদ্দেক: প্রিমিয়ার লিগে ভালো খেলার পর মনে হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটে খেললে আমাকে এ রকম সময়েই ব্যাটিং করতে হতে পারে। লোয়ার অর্ডারে ব্যাট করার মানসিক প্রস্তুতি আমার ছিল।
*এবার কোন জায়গায় ব্যাট করতে চাইবেন?
মোসাদ্দেক: আমার চাওয়ার কিছু নেই। সবার আগে দল। দলের চাওয়া অনুযায়ী যেখানে ব্যাটিং করতে হয় সেখানেই করব। ম্যানেজমেন্টই ভালো বুঝবে যে আমাকে কোথায় খেলাবে।
*শুরুটা ভালো হওয়ায় আত্মবিশ্বাস নিশ্চয়ই বেড়ে গেছে...
মোসাদ্দেক: প্রিমিয়ার লিগ শেষ করার পর থেকেই আমার মনে হচ্ছিল, আমি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য প্রস্তুত। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পাওয়ায় খুব ভালো হয়েছে। শুরুটা ভালো হওয়ায় আন্তর্জাতিক ম্যাচের আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে।
*ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মানসিকভাবে কতটা প্রস্তুত?
মোসাদ্দেক: ইংল্যান্ডের বিপক্ষে খেলার মানসিক প্রস্তুতি আজ থেকে নিতে শুরু করেছি। ইংল্যান্ডের সঙ্গে কী করব, কীভাবে খেলব না খেলব...আজ (গতকাল) থেকে এসব প্রস্তুতি নিচ্ছি।
*আফগানিস্তানের চেয়ে ইংল্যান্ড সিরিজটাকে নিশ্চয়ই কঠিন মনে করছেন...
মোসাদ্দেক: ইংল্যান্ড আফগানিস্তানের চেয়ে ভালো দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছি। আমরা যেহেতু ছয়টি সিরিজ টানা জিতেছি, এবারও সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামব। আমাদের জন্য প্লাস পয়েন্ট যে ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলতে পেরেছি।
*এই ইংল্যান্ড দলের বোলারদের সম্পর্কে কতটুকু ধারণা আছে?
মোসাদ্দেক: ওদের দু-একজন বোলারের চোট আছে। তবে যারা এসেছে, তারাও ভালো বোলার। টিভিতে খেলা দেখে যতটুকু বোঝা যায়, ততটুকুই বুঝেছি। আমাদের কন্ডিশনে আমরা অনেক ফেবারিট। আমি বিশ্বাস করি, আমরা ভালো করব।
*আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারার পর দলের মানসিক অবস্থা কিছুটা খারাপ ছিল। এখন কী অবস্থা?
মোসাদ্দেক: আসলে আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পর ওই সিরিজ আর কারও মাথায় নেই। ড্রেসিংরুমের আলাপ-আলোচনাতেই তা বোঝা যায়। এখন সব আলোচনা ইংল্যান্ড সিরিজ নিয়ে।
*মাত্র ছয় দিনের ব্যবধানেই আরেকটা সিরিজ খেলতে হবে। এতে কোনো সমস্যা হবে?
মোসাদ্দেক: বিরতিটা ২-৩ দিনের হলে চাপ হয়ে যেত। ৬-৭ দিন বিরতি পাওয়ায় ভালো হয়েছে। বাড়তি অনুশীলনের সুযোগ পাচ্ছি। আমাদের কয়েকজন খেলোয়াড় প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রতিপক্ষকে জানার ভালো সুযোগ এটা।
*ইংল্যান্ড সিরিজে কেমন উইকেট চাচ্ছেন?
মোসাদ্দেক: যেন স্পোর্টিং উইকেট হয়। বোলার-ব্যাটসম্যান সবার জন্য সমান সুবিধা হয়।