'মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া'

বিদায় বেলায় বেশ আবেগমথিত হয়ে উঠল কণ্ঠস্বর। নিজেকে ধরে রাখতে পারলেন না। বিদায়ের লগ্নে মনটা এমনিতেই ভারী হয়ে ছিল, বাবা-মা, ভাইবোন, কাছের স্বজনদের উপস্থিতি হার মানল আবেগের কাছে। শত চেষ্টা করে গেছেন। কিন্তু পারেননি। কুমার সাঙ্গাকারার চোখে জল!
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার নিজের বিদায় বক্তৃতায় কৃতজ্ঞতা জানালেন বাবা-মায়ের প্রতি। বললেন, এমন বাবা-মা থাকতে উদ্দীপনা খুঁজতে খুব বেশিদূর যাওয়ার দরকার নেই। তাঁদের অভিহিত করলেন পৃথিবীর সবচেয়ে সেরা বাবা-মা হিসেবে।
সাঙ্গার বিদায়ী মুহূর্তটিতে পুরো শ্রীলঙ্কাই যেন হাজির ছিল কলম্বোর পি সারা ওভালে। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেও চলে এসেছিলেন। গ্যালারিতে কিছু সময়ের জন্য হাজির ছিলেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেও। টেস্ট ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ার পর সাঙ্গাকারার হাতে তুলে দেওয়া হলো একের পর এক স্মারক। এরপর পুরো পি সারা ওভালে পিনপতন নীরবতা। মাইক্রোফোন হাতে নিয়ে সাঙ্গাকারা শুরু করলেন তাঁর বিদায়ী বক্তৃতা। সহজ-সরল ভাষায় দেওয়া এই বক্তৃতা দিতে গিয়ে কাঁদলেন তিনি, কাঁদালেন গোটা শ্রীলঙ্কাকে এমনকি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর সব ভক্তকুলকে।
ট্রিনিটি কলেজের কথা দিয়ে শুরু করলেন। এই কলেজই যে তাঁকে জীবনের এই পর্যায়ে নিয়ে এসেছে, সেটা কৃতজ্ঞতার সঙ্গেই জানালেন প্রথমে। কোচ সুনীল ফার্নান্দোকে স্মরণ করলেন আন্তরিক কৃতজ্ঞতায়। এই প্রসঙ্গে জানালেন, আজও নাকি ক্যান্ডি গেলে তাঁর বাবা তাঁকে বাধ্য করেন কোচ ফার্নান্দোর সঙ্গে কিছু সময় কাটাতে।
নিজের অর্জন নিয়ে বলেছেন সাঙ্গাকারা। তাঁর পনেরো বছরের ক্যারিয়ারে অর্জন অসংখ্যই। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই তারকা প্রায় সবকিছুই পেয়েছেন দুহাত ভরে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, হাজার হাজার রান। ইতিহাসের অন্যতম সেরা ব্যাটিং-গড়, আরও অনেক কিছু। কিন্তু সাঙ্গা নিজে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন মানুষের ভালোবাসাকে। বলেছেন, ‘পনেরো বছরের ক্রিকেট জীবনে আমার অর্জন সম্বন্ধে জানতে চান অনেকেই। হ্যাঁ, আমি ক্যারিয়ারে একটি বিশ্বকাপ জিতেছি, বেশ কয়েকটি সেঞ্চুরি করেছি। কিন্তু আজ এই মাঠে আমাকে বিদায় জানাতে আসা মানুষগুলোকে দেখে মনে হচ্ছে তাঁদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’
প্রতিপক্ষ ভারতীয় দলকেও ধন্যবাদ জানাতে ভোলেননি সাঙ্গাকারা। তাদের অভিহিত করেছেন, শ্রীলঙ্কার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে। নিজের শেষ টেস্টের পরাজয়ও যে তাঁকে ছুঁয়েছে সেই বার্তা তিনি বিদায়ী বক্তৃতাতেও দিয়ে দিয়েছেন, ‘এই ম্যাচটা হয়তো আমরা হেরেছি। তাতে কিছু আসে যায় না। কিন্তু পরের ম্যাচটা জেতার জন্য নিশ্চিতভাবেই ঝাঁপাবে শ্রীলঙ্কা।’
শেষ করেছেন তিনি তাঁর সতীর্থদের নিয়ে বলে। তাঁর উত্তরসূরিদের বলেছেন কঠোর পরিশ্রম করতে, খেলাটা উপভোগ করতে। ‘পরাজয়ে ডরে না বীর’ কথাটা মনে করিয়ে দিতে তিনি কেবল লঙ্কান পতাকাটাকে ঊর্ধ্বে তুলে রাখতে বলেছেন।
পনেরো বছর ধরে এই পতাকাটার জন্যই তো তিনি খেলেছেন।