'মার্শ' পরিবারের অন্যরকম এক হ্যাটট্রিক

অ্যাশেজ ইতিহাসে তাহলে মার্শ পরিবারের নাম খোদাই করা হয়ে গেল। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ক্রিকেট দ্বৈরথের আগুন ঝরানো পৃথিবীর সবচেয়ে পুরোনো টেস্ট সিরিজের সঙ্গে জড়িয়ে আছে অজস্র গল্প ও কিংবদন্তি ক্রিকেটারের নাম। সেই দলে যুক্ত হলো মার্শ পরিবারও। অ্যাশেজ পরিণত হলো একটি পরিবারের সাফল্যের গল্প লেখার ক্যানভাসেও।
গতকাল সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন মিচেল মার্শ। আর এর ফলে একই পরিবারের তিন সদস্যের অ্যাশেজ সেঞ্চুরির বিরল এক রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো সিরিজে এক পরিবারের তিন সদস্যের সেঞ্চুরির প্রথম ঘটনা এটি। এর আগে মিচেলের বড় ভাই শন মার্শ আর বাবা জিওফ মার্শ অ্যাশেজে সেঞ্চুরি করেছেন।

অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যালেন বোর্ডার অ্যাশেজ খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডে। সিরিজের পঞ্চম টেস্ট ছিল নটিংহ্যামে। এর আগেই অবশ্য ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ জয় নিশ্চিত করে ফেলেছেন বোর্ডার। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৮ রানের দারুণ ইনিংসে খেলেছিলেন জিওফ মার্শ। মার্ক টেলরের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩২৯ রান যোগ করেছিলেন জিওফ যা এখনো অ্যাশেজ ইতিহাসের সেরা উদ্বোধনী জুটি।
এবারের অ্যাশেজেই বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন তাঁর সুযোগ্য দুই পুত্র। অ্যাডিলেড টেস্টে ১২৬ রান করেছিলেন জিওফের বড় ছেলে শন। দুর্দান্ত এই ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর পার্থের ওয়াকায় চলতি টেস্টে ১৮১ রানের দারুণ ইনিংস খেলে নিজেদের পরিবারকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ছোট ছেলে মিচেল। ছেলের পুরো ইনিংস মাঠে বসেই উপভোগ করেছেন বাবা জিওফ মার্শ।

মার্শদের অ্যাশেজ সেঞ্চুরি মানেই যেন অস্ট্রেলিয়ার জয়। চলতি টেস্টেও বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকেরা। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬৬২ রানের পাহাড় গড়েছে স্টিভেন স্মিথের দল। জবাবে ৬০ রান তুলতেই প্রথম ৩ উইকেট নেই জো রুটদের। ইনিংস পরাজয় এড়াতে আরও ১৭২ রান প্রয়োজন সফরকারীদের। সূত্র: ক্রিকইনফো, জি নিউজ।