'মাশরাফি ভাইকে হারানো বেশি আনন্দের'

‘আসো ইকবাল’—সংবাদ সম্মেলন কক্ষে আগে থেকেই অপেক্ষারত তামিম ইকবালকে চেয়ারটা ছেড়ে ডায়াস থেকে হাসিমুখে নেমে এলেন মাশরাফি বিন মুর্তজা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্তিতে মাশরাফিকে অভিনন্দন জানিয়ে চেয়ারে বসলেন তামিম।
গত বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে তামিমের মুখে হাসি কেড়ে নিয়েছিলেন মাশরাফি। এবার বিপরীত ছবি। দারুণ এক হাফ সেঞ্চুরিতে কুমিল্লার বিপক্ষে চিটাগংয়ের জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন তামিমই। বিজয়ীর আসনটা তাই প্রতিপক্ষ অধিনায়কের কাছে ছেড়ে দিচ্ছেন মাশরাফি।
এমনিতে দুজনের ব্যক্তিগত সম্পর্কটা চমৎকার—অনেকটা বড় ভাই-ছোট ভাইয়ের মতো। কিন্তু মাঠে নামলে একে অন্যকে হারানোর উপভোগ্য এক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় তাঁদের মধ্যে। এই প্রতিদ্বন্দ্বিতা নিখাদ আনন্দের। এই যেমন আজ মাশরাফিকে হারিয়ে তামিম ভীষণ খুশি, ‘কুমিল্লাকে হারানো যতটা না, মাশরাফি ভাইকে হারানো তার চেয়ে বেশি আনন্দের। আপনারা জানেন, আমার আর ওনার সম্পর্ক অনেক ভালো। আজ রাতটা অন্তত ভালো কাটবে (হেসে)!’
মাঠেও দুজনের খণ্ড লড়াইয়েও তামিম এগিয়ে। মাশরাফির দুটি ওভার খেলেছেন বাঁহাতি ওপেনার। দুই ওভারের শুরুতে কুমিল্লা অধিনায়ককে ডাউন দ্য উইকেটে বাউন্ডারি মেরে স্বাগত জানিয়েছেন চিটাগং অধিনায়ক। মাশরাফির জন্য এই বিশেষ দাওয়াই যে আগেই ঠিক করে রেখেছিলেন, সেটি বললেন তামিম, ‘মাশরাফি ভাইয়ের জন্য আমার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। তাঁরও আমার জন্য একটা পরিকল্পনা আছে। তিনি এমন বোলার, যদি তাঁকে সুযোগ দেন, তবে ভয়ংকর হয়ে উঠবেন। আর যদি আপনি শুরুতেই ভালো অবস্থানে চলে যান, তবে তিনি একটু ব্যাকফুটে চলে আসবেন। আমি হয়তো ওই শট মারতে গিয়ে আউট হয়ে যেতে পারতাম। তবে তাঁকে সুযোগ দিতে দিইনি।’
গতবার কুমিল্লার বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে তামিমের চিটাগং। এবার যে কুমিল্লাকে জয়ের সুযোগ দিতে চান না তাঁরা, প্রথম ম্যাচেই দেখা গেল। পরের সাক্ষাতে তামিমকে রুখতে মাশরাফি কী ওষুধ নিয়ে আসেন, সেটিই দেখার।