'মাশরাফি' হওয়ার স্বপ্ন তাঁর

মাশরাফি বিন মুর্তজা হয়তো জানেনই না, তাঁর এমন একজন ভক্তও আছেন। মাশরাফির মতোই যিনি বাংলাদেশের একটা দলের অধিনায়কও।
অবশ্য জানার কথাও না। বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মো. আলম খানের সঙ্গে তো আর কখনো কথা হয়নি তাঁর। তবে আলম সামনাসামনি একবার দেখেছেন তাঁর স্বপ্নের নায়ককে। গত বছর বাংলাদেশে যখন প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়, মাশরাফি সেটার শুভেচ্ছাদূত ছিলেন। বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে একবার গিয়েছিলেন প্রতিবন্ধী দলের ড্রেসিংরুমে। ছোটবেলা থেকে যাঁকে আদর্শ মেনে বড় হয়েছেন, তাঁকে সামনাসামনি দেখে, তাঁর কথা শুনে আলমের মুগ্ধতা বেড়েছে আরও। এতটাই যে, আলম স্বপ্ন দেখেন তিনিও একদিন মাশরাফির মতো হবেন। প্রতিবন্ধী ক্রিকেট দলটাকে নিয়ে যাবেন নতুন উচ্চতায়।
শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরটি হচ্ছে এবার দুবাইতে। আগেরবারের মতো এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার আলম। তবে তাঁর চোখেমুখে ছড়িয়ে থাকা স্বপ্নটা এ টুর্নামেন্ট ছাড়িয়ে আরও দূরের, ‘মাশরাফি ভাইয়ের নেতৃত্বে যেমন আমাদের ওয়ানডে দলটা বদলে গেছে, বিশ্বের বড় দলগুলোকে টানা সিরিজ হারাচ্ছে, আমি চাই প্রতিবন্ধী দলটাও এমন হোক। আমি মাশরাফি ভাইয়ের মতো নেতা হতে চাই।’
অবশ্য শুধু মাশরাফি কেন, আলম নিজেই তো নিজের প্রেরণা হতে পারেন। জীবনযুদ্ধে তাঁর মতো করে ঘুরে দাঁড়াতে পারে কজন! জ্ঞান হওয়ার পরই বুঝতে পারেন, তাঁর দুটি পা অন্যদের মতো স্বাভাবিক নয়। একসময় তো ঠিকমতো হাঁটতেই পারতেন না। আলমের দরিদ্র বাবা-মা চিকিৎসা করিয়েছেন সাধ্যমতো। প্রায় ১২-১৩ বছর বয়সের দিকে একটু হাঁটাচলা শুরু হয়। সেই থেকে আজকের এ অবস্থা পর্যন্ত আসার পেছনে তাঁর নিজের অধ্যবসায়ই সবচেয়ে বেশি সাহায্য করেছে।
ক্রিকেট দেখতে ভালোবাসতেন টিভিতে। নিজেরও ক্রিকেটার হওয়ার ইচ্ছে হলো। পায়ের সমস্যা নিয়েই আলম একসময় বোলিং-ব্যাটিংও শুরু করলেন। ২০১৩ সালে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল গঠনের জন্য আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ যখন প্রথম বিকেএসপিতে প্রতিভা অন্বেষণ করল, সেখানে অংশ নিতে পটুয়াখালী থেকে জীবনে প্রথমবারের মতো ঢাকায় এলেন। সেখানে টিকে যাওয়ার পরই বদলে গেল জীবন। ডানহাতি অফ স্পিনার, ব্যাট করেন মিডল অর্ডারে। ব্যাটে-বলে দক্ষতায় প্রতিবন্ধী ক্রিকেট দলে বড় আস্থা হয়ে এলেন, পেলেন নেতৃত্বও।
অভাবের কারণে বেশি পড়াশোনা করতে পারেননি। চারজনের সংসারে তখন একমাত্র উপার্জনক্ষম বাবা ছোটখাটো ব্যবসা করেন পটুয়াখালীতে। মাধ্যমিকের পরই আলম বাবাকে ব্যবসায় সাহায্য করতে লেগে গেছেন। জীবনের বাস্তবতায় কোনো দিন সুযোগ হয়নি মাঠে বসে মাশরাফি-সাকিবদের কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখার। আইসিআরসি সহযোগিতা না করলে হয়তো ঢাকায় এসে অনুশীলন ক্যাম্পেও অংশ নিতে পারতেন না। তবে এসব দমিয়ে রাখতে পারেনি আলমকে। জীবনের প্রতিবন্ধকতাগুলো যেভাবে জয় করে যাচ্ছেন, বাংলাদেশ দলকে নিয়ে সেভাবেই জিততে চান মাঠেও, ‘আমি স্বপ্ন দেখি একদিন প্রতিবন্ধী ক্রিকেটেও বাংলাদেশ সেরা দলগুলোর একটা হবে। একসময় তো সবাই ভাবত, আমাদের মতো প্রতিবন্ধীদের কিছু করার সামর্থ্য নেই। কিন্তু আমরা প্রমাণ করতে চাই, আমাদেরও দেশকে দেওয়ার কিছু আছে। তখন হয়তো সবাই মাশরাফি ভাইদের সঙ্গে আমাদের নিয়েও গর্ব করবে।’
সেই দিনের স্বপ্ন কিন্তু আলমের মতো প্রতিবন্ধী ক্রিকেট দলের আরও অনেকেরই।