'মিরাকলের' আশায় রুমানারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবিতে আনুষ্ঠানিকতা শেষে ক্রীড়াপল্লিতে ফিরছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়েরা। এই সময় দেখা ড্যারেন স্যামির সঙ্গে। বিপিএল খেলতে আসা ক্যারিবীয় অলরাউন্ডার বেশ উৎসাহ নিয়ে দাঁড়িয়ে গেলেন সালমা-পান্না-রিতু মণিদের সঙ্গে ছবি তুলতে। রাজশাহী কিংসের অধিনায়ক পরিচিত হন মেয়েদের অধিনায়ক রুমানা আহমেদের সঙ্গেও। কাল বিকেলে বিসিবি একাডেমি মাঠে l প্রথম আলো
বিসিবিতে আনুষ্ঠানিকতা শেষে ক্রীড়াপল্লিতে ফিরছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়েরা। এই সময় দেখা ড্যারেন স্যামির সঙ্গে। বিপিএল খেলতে আসা ক্যারিবীয় অলরাউন্ডার বেশ উৎসাহ নিয়ে দাঁড়িয়ে গেলেন সালমা-পান্না-রিতু মণিদের সঙ্গে ছবি তুলতে। রাজশাহী কিংসের অধিনায়ক পরিচিত হন মেয়েদের অধিনায়ক রুমানা আহমেদের সঙ্গেও। কাল বিকেলে বিসিবি একাডেমি মাঠে l প্রথম আলো

কক্সবাজারে হয়েছে প্রায় তিন সপ্তাহের নিবিড় প্রস্তুতি। এর মধ্যে দলে এসেছেন নতুন কোচ। বদল এসেছে অধিনায়কত্বেও। বাংলাদেশে মহিলা ক্রিকেট দলে যেন পালাবদলের গান। এবার মেয়েদের চোখে নতুন স্বপ্ন, অসাধারণ কিছু করতে চায় পরশু ব্যাংককে শুরু এশিয়া কাপেও।
তবে রুমানা-সালমাদের পথটা মোটেও সহজ নয়। এশিয়ায় মেয়েদের ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জনে তাদের সামনে তিন কঠিন প্রতিপক্ষ—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অপর দুই প্রতিপক্ষ নেপাল ও স্বাগতিক থাইল্যান্ডকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এই বছর মার্চে ছেলেদের এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। মেয়েরাও কি পারবে মাশরাফিদের মতো শিরোপার লড়াই করতে? শক্তিমত্তা ও অতীত রেকর্ড যা-ই হোক দুর্দান্ত কিছু ঘটিয়ে ফেলার আশা গত মাসে মেয়েদের অধিনায়কত্ব পাওয়া রুমানা আহমেদের, ‘স্বপ্ন তো আমরা দেখিই। কাউকে নিরাশ করব না। ক্রিকেটে কখন কী হয়ে যায় বলা যায় না। মিরাকল কিছু ঘটতেও পারে। আমাদের দল হঠাৎ ঘুরে দাঁড়াতে পারে। এই টুর্নামেন্টে কোনো দলই দুর্বল নয়। আমরা নিজেদের খুব শক্তিশালী ভাবছি।’
টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আপাতত মেয়েদের মনোযোগ এই ম্যাচে। অধিনায়ক রুমানা জানালেন, ভারতকে হারালে বাকি পথটা পাড়ি দিতে সমস্যা হবে না, ‘আমরা অনেক উন্নতি করেছি। মূল লক্ষ্য ভারতকে হারানো। আমরা যদি ভারতের সঙ্গে ভালো করতে পারি, ইনশা আল্লাহ ফাইনালে যেতে পারব।’
বাংলাদেশ মেয়েদের ক্রিকেটে দুশ্চিন্তার নাম ব্যাটিং। কোচ ডেভিড ক্যাপেল আশাবাদী দ্রুতই সমস্যাটা কাটিয়ে উঠবে দল, ‘এটা আমাদের চলমান সমস্যা। অনুশীলনে তাই ব্যাটিং নিয়ে বেশি কাজ করেছি। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা রান করেছে, এটা খুবই ভালো দিক। বল ভালোভাবে মারতে পেরেছে, বাউন্ডারি পেয়েছে। ব্যাটসম্যানদের স্বাধীনতা দিচ্ছি। আশা করি, তারা ভয়ডরহীন ক্রিকেট খেলবে। বড় স্কোর করবে।’
কক্সবাজারে অনুশীলন শুরুর পর ২২ অক্টোবর ঘোষিত এশিয়া কাপের দলে সামান্য পরিবর্তন এসেছে। অপেক্ষমাণ থেকে দলে সুযোগ পেয়েছেন শায়লা শারমিন, বাদ পড়েছেন জান্নাতুল ফেরদৌস।
আজ বেলা ১১টায় থাইল্যান্ডে উড়াল দেবেন রুমানা-জাহানারা-সালামরা।