'মিরাজকে তো দলে নিয়েছি আমি'

টেস্টের মতো না হলেও ওয়ানডে অভিষেকটাও বেশ ভালো হলো মেহেদী মিরাজের। অথচ ওয়ানডে স্কোয়াডেই তিনি ছিলেন না। শেষ মুহূর্তে দেশ থেকে আবার ডেকে পাঠান হয়েছিল তাঁকে। কাল এই অফ স্পিনার ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন। দুটিই গুরুত্বপূর্ণ উইকেট। অভিষেক ওয়ানডেতে বল হাতে ওপেনও করেছেন। ওয়ানডে ইতিহাসে অভিষেকে বল ওপেন করা মাত্র ষষ্ঠ স্পিনার তিনি।
মিরাজের আকস্মিক দলভুক্তির পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি নিজে কাল সাংবাদিকদের বলেছেন, ‘মিরাজকে আমিই নিয়েছি। আমি নান্নুকে (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন) ফোন করে বললাম, ওকে পাঠাও।’
মিরাজ ততক্ষণে টেস্ট খেলে দেশে ফিরে এসেছেন। এমনকি ছুটি কাটাতে খুলনায় দেশের বাড়ি চলে গেছেন। তাঁর ইমার্জিং কাপে খেলার কথা ছিল। নাজমুল হাসান জানিয়েছেন, মিনহাজুলের সঙ্গে কথা বলে নিজের দায়িত্ব শেষ মনে করেননি। এরপর তিনি নিজে শ্রীলঙ্কা থেকে মিরাজের সঙ্গে কথা বলেছেন ফোনে, ‘আমি ওকে ফোন করে জানলাম ও খুলনায়। বললাম, এখনই শ্রীলঙ্কায় চলে এসো। আসলে লঙ্কান দলে মানসম্পন্ন বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় আমরা মিরাজকে নিয়েছি। টেস্টে ও দারুণ বোলিং করেছে। আর ওয়ানডে সিরিজটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
মিরাজকে ওয়ানডে স্কোয়াডে এনে দিলেও একাদশ যে তিনি সাজাননি, তা–ও বলেছেন নাজমুল, ‘আজ (গতকাল) সকালে যখন আমি দলের সঙ্গে বসলাম, তখনো ঠিক হয়নি যে কে খেলবে—মিরাজ না সানজামুল। মিরাজকে খেলানোর সিদ্ধান্তটি দল মাঠে এসে নিয়েছে।’