'মুক্তি' মিলছে না শ্রীশান্তদের

আদালতের রায়ে দায়মুক্তি হলেও এত সহজেই ছাড় পাচ্ছেন না শ্রীশান্তরা। গত ২৫ জুলাই দিল্লির পাতিয়ালা আদালত প্রমাণের অভাবে তিন ক্রিকেটারের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি দিয়েছিলেন। কিন্তু দিল্লি পুলিশ হাল ছাড়ছে না এত সহজেই। নতুন করে আদালতের শরণাপন্ন হচ্ছে তারা। এবার আরও কিছু প্রমাণ নিয়েই উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছে দিল্লি পুলিশ।
তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানকে দিল্লি পুলিশ স্পট ফিক্সিংয়ের দায়ে আটক করেছিল ২০১৩ সালে। আইপিএল চলার সময়েই জেল হাজতে পাঠানো হয়েছিল তিন ক্রিকেটারকে। জিজ্ঞাসাবাদে নিজেদের দোষও স্বীকার করে নিয়েছিলেন শ্রীশান্ত ও চাভান। অথচ সেই তিন ক্রিকেটারকেই গত মাসে অভিযোগ থেকে মুক্তি দেন পাতিয়ালা আদালত। আপাতদৃষ্টিতে তিন ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের কলঙ্ককে পেছনে ফেলে এসেছিলেন বলেই ভাবা হচ্ছিল। কিন্তু দিল্লি পুলিশ কোমর বেধেই নেমেছে এবার।
ভারতীয় সংবাদ সংস্থা সিএনএন-আইবিএন জানিয়েছে, তাদের কাছে ক্রিকেটার ও জুয়াড়িদের মধ্যকার বেশ কিছু কথোপকথনের রেকর্ডও রয়েছে। তারা ইতিমধ্যে চান্দিলা ও এক জুয়াড়ির কথোপকথনও প্রকাশ করেছে। এই কথোপকথন থেকে এই তিন ক্রিকেটার ও জুয়ারিদের মধ্যকার সম্পর্ক স্পষ্ট বোঝা গেছে বলেও দাবি করা হয়।
পুলিশের নতুন বিবৃতি ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য সুখবর হয়েই এসেছে। আদালতের রায়ের পরও এই তিন ক্রিকেটারের নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিসিআই। এমনকি তাদের নিজ নিজ অঞ্চলের ক্রিকেট বোর্ডও নিষেধাজ্ঞা তুলতে রাজি নয় বলে জানা গিয়েছিল।
দিল্লি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাচ্ছে। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার এস এন শ্রীবাস্তব জানান, ‘দিল্লি পুলিশ আইপিলের স্পট ফিক্সিংয়ের দায়মুক্তির রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে। পুলিশ কমিশনারের ও দিল্লি সরকারের আইন বিভাগের কাছ থেকে এ বিষয়ে অনুমতিও নিয়ে নিয়েছি আমরা।’
মুক্তি পেলেও তাই মুক্তি নেই এই তিন ক্রিকেটারের। অন্তত আবারও আদালত প্রাঙ্গণে ছোটাছুটির প্রস্তুতি নিয়ে নিতেই পারেন তারা। তিন ক্রিকেটারদের কথোপকথনের অডিও রেকর্ড সত্যি প্রমাণিত হলে এবার ফেঁসে যাবেন তিনজন।