'মুক্তি'র অপেক্ষায় তাসকিন

অস্ট্রেলিয়ার ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে ৮ সেপ্টেম্বর। সব প্রস্তুতি সেরে তাসকিন এখন পরীক্ষা দেওয়ার অপেক্ষায়। পরীক্ষা ভালো হবে বলেই আশা বাংলাদেশ দলের এই ফাস্ট বোলারের।
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আগামী ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তাসকিন। পরীক্ষার স্থান-তারিখ নির্ধারিত হওয়ায় স্বস্তিই পাচ্ছেন মনের মধ্যে, ‘ভালো লাগছে যে তারিখ ঠিক হয়েছে। খেতে-ঘুমাতে শুধু এই নিয়ে চিন্তা ছিল। তবে পরীক্ষার আগে সবার মধ্যেই একটু চাপ কাজ করে। সামগ্রিকভাবে প্রস্তুতি অনেক ভালো। আশা করছি পরীক্ষা ভালো হবে।’
পরীক্ষা দেওয়ার ১৪ থেকে ২১ দিনের মধ্যে ফল জানাবে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টার। তাঁর বোলিং নিষেধাজ্ঞা ওঠাটা নির্ভর করছে সেই ফলের ওপর। তবে তাসকিন অক্টোবরে ইংল্যান্ড সিরিজেই ফিরতে চান, ‘শুধু আমি নই, কেউই চায় না জাতীয় দলের কোনো সিরিজ হাতছাড়া হোক। সত্যি বলতে, এটা আমার জন্য বোঝা। আমি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ। যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ক্রিকেট নিষেধাজ্ঞা কাটিয়ে সামনের সিরিজে যাতে খেলতে পারি, সে জন্যই কষ্ট করে যাচ্ছি।’