'মুশফিকের এভাবে বলা ঠিকই আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম। ফাইল ছবি
মুশফিকুর রহিম। ফাইল ছবি

বিষমাখা তিরের পাল্টা জবাব দিয়েছেন বিষমাখা তিরেই। বিপিএলে ম্যাচ পাতানো হয়, এমন প্রায় নিশ্চিত দাবি করে সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছিলেন, ‘১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভারগুলোয় ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী।’ তাঁর সমালোচনার ভাষা নিয়ে পাল্টা সমালোচনা হয়েছে। কিন্তু বরিশাল বুলসের শুভেচ্ছাদূতের এমন কথার জবাব দিতে গিয়ে দলের অধিনায়কও ঝাঁজাল ভাষা ব্যবহার করেছেন। বলেছেন, ‘তিনি যেভাবে লিখেছেন, এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়, পাগল ছাড়া!’
মুশফিকুর রহিম বরাবরই একটু আবেগী। তবে বাংলাদেশ অধিনায়কের ভাষার ব্যবহার নিয়ে একপক্ষে আপত্তি আছে। দুজনের কথার লড়াইয়ের এক কদর্য প্রসঙ্গটি উঠল আজকের সংবাদ সম্মেলনে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক মুশফিককে সমর্থনই করলেন। তাঁর যুক্তি, কেউ যখন নিজেকে উজাড় করে দিয়ে খেলে, তখন কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের গুরুতর অভিযোগ করলে হতাশ হওয়াই স্বাভাবিক। মুশফিকের কথাগুলোকে মল্লিক সেই হতাশার প্রকাশ হিসেবেই দেখছেন।
বলেছেন, ‘একজন ব্যক্তিগত মতামত দিচ্ছেন। ফেসবুক তো একটি প্ল্যাটফর্ম। আসিফ ভাইয়ের মতো একজন নামকরা গায়কের একটা প্ল্যাটফর্মে এ রকম কথা লেখা উচিত হয়নি। আপনার যদি ব্যক্তিগত মত হয়, যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই, তাই ব্যক্তিগত মতটা এমন জনমাধ্যমে না বলাই ভালো।’
মল্লিক বলেছেন, ‘তিনি নিজেই বলছেন যে তাঁর কাছে কোনো প্রমাণ নেই। সন্দেহের ভিত্তিতে বলছেন। সে ক্ষেত্রে মুশফিকের এভাবে বলা ঠিকই আছে। ও তো বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে।’

ক্রিকেটের অনিশ্চয়তার ব্যাপারটি অনেকে মানতে পারছে বলেও মনে করেন মল্লিক, ‘খেলায় তো হারজিত​ আছেই। আপনি চিটাগংয়ের খেলা দেখেন। কত ম্যাচ হারছে, পরে জিতছে। সেরা দ​ল করেও কিন্তু কখনো জেতা যায় না। এই যে বারবার টি-টোয়েন্টি হলেই ফিক্সিংয়ের কথাটা আসছে, এটা কিন্তু একটা প্রবাদের মতো হয়ে গেছে। হোক না হোক, আমার মন চাইল বলে দিলাম। দায়িত্বশীল লোকদের কাছ থেকে, ফ্র্যাঞ্চাইজির শুভেচ্ছাদূতদের এমন কথা বলা উচিত নয়।’
মল্লিক মনে করেন, আসিফের কিছু বলার থাকলে সরাসরি তাঁদেরই বলতে পারতেন, ‘যদি কিছু বলার থাকে, বিপিএল গভর্নিং কাউন্সিল আছে, দুর্নীতিবিরোধী ইউনিট আছে, আর বিসিবি তো আছেই। এসব কথা এ জায়গাগুলোতে বলতে হবে। ফেসবুকে একটা কথা বলে দিলে এটা তো মানুষের মনে সন্দেহ তৈরি করে। এভাবে বলা ঠিক নয়। এ কারণে মুশফিকের জবাব ঠিক আছে বলেই আমি মনে করি। ও তো হতাশ হতেই পারে।’