'মুশফিকের চোট নিয়ে না ভাবলেও চলবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকের চোটকে গুরুতর ভাবছেন না প্রধান নির্বাচক। ফাইল ছবি
মুশফিকের চোটকে গুরুতর ভাবছেন না প্রধান নির্বাচক। ফাইল ছবি

কদিন বাদেই ভারতের বিপক্ষে সিরিজ। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের কয়েকজনের চোট। বিশেষ করে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের আঙুলের চোট নিয়ে শঙ্কা রয়ে গেছে। টিম ম্যানেজমেন্ট অবশ্য মুশফিকের চোটকে বড় করে দেখছে না।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনেই চোট পেয়েছিলেন মুশফিক। সেই চোট নিয়ে দ্বিতীয় টেস্টটিও খেলেছেন। আঙুলের সমস্যার কারণে আগামীকাল শুরু হতে যাওয়া বিসিএলের শেষ পর্ব খেলা হচ্ছে না বাংলাদেশ টেস্ট অধিনায়কের। ভারতের ​বিপক্ষে চোটটা বাধা না হয়ে দাঁড়ায়, একটা সংশয় থেকেই যাচ্ছে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশ্য মুশফিকের চোট নিয়ে ভাবছেন না। বরং অধিনায়কের ফিটনেসের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি, ‘মুশফিককে সাত দিনের মতো বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারত সিরিজের প্রায় ১৮ দিনের মতো বাকি আছে। ওকে নিয়ে এখনই এত চিন্তা না করলেও চলবে। আর আমাদের টেস্ট অধিনায়ক মানসিকভাবে বেশ শক্ত, আশা করি সে দ্রুত এটা কাটিয়ে উঠবে। তবে এ সাতটি দিন খুবই গুরুত্বপূর্ণ।’
পুরো শক্তি নিয়েই ভারত আসছে বাংলাদেশে। এবার দুর্দান্ত এক লড়াই দেখার অপেক্ষায় প্রধান নির্বাচক, ‘যখন ফর্মে থাকবেন এবং ভালো করবেন, তখন আশা থাকবে যেকোনো সিরিজ থেকে ভালো কিছু করার। ছেলেরা সবাই উন্নতি করছে। আশা করছি, ভারতের বিপক্ষে দারুণ একটা সিরিজই হবে। ভারত তাদের শক্তিশালী দলই পাঠাচ্ছে, তাদের মূল দলই আসছে। যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা, কাজেই যেটা ভালো করতে পারি সেটাই করব। ​সিরিজটার জন্য অপেক্ষা করছি আমরা।’