'মুশি' এত খুশি!

আগুনে ব্যাটিংয়ে বোলারের কথার জবাব দিয়ে আঙুলের ইশারায় দেখিয়ে দিচ্ছেন তাঁর বলের গন্তব্য! ব্যাটিংয়ের মতো তাঁর উদ্যাপনও হচ্ছে ভীষণ উপভোগ্য। মাঠে তাঁর শারীরী ভাষায় ফুটে উঠছে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া আগ্রাসী মনোভাব। সংবাদমাধ্যমের সামনেও বেশ ফুরফুরে মেজাজে। কঠিন সব প্রশ্নের সরস উত্তর। মাঠে-মাঠের বাইরে এবার বিপিএলে দেখা যাচ্ছে অন্য এক মুশফিকুর রহিমকে! যেকোনো ছোট প্রশ্নেরও রচনামূলক কিন্তু নীরস জবাব দেওয়া মুশফিক নয়, রসিক মুশফিক!
৪ ম্যাচে ৩ জয় নিয়ে আজ সন্ধ্যা পর্যন্ত বরিশাল আছে পয়েন্ট তালিকায় সবার ওপরে। ৪ ম্যাচে ১৭৪ রান করে মুশফিক আছেন ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে। নিজে ছন্দে আছেন, ছন্দে আছে তাঁর দল বরিশাল। নিজেকে ফিরে পেয়েই কি ‘মুশি’ এত খুশি? উত্তরে তাঁর মুখে খেলে গেল চওড়া হাসি, ‘বলতে পারেন। ফিরে পাওয়ার আনন্দ তো অবশ্যই। এত দিন দেখলাম, আবেগ প্রকাশ না করলে কিছু হয় না। ভাবলাম এটা (আবেগ) একটু ভালো করে করলে যদি কিছু করা যায়! পরিবর্তন বলতে এতটুকু, আর কিছু না!’
অথচ কদিন আগে, এই তো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও মুশফিক নিজেকে আড়াল করে রেখেছিলেন অদৃশ্য এক বর্মে। সংবাদমাধ্যমেরও উপায় ছিল না সেটি ভেদ করে তাঁর কাছে পৌঁছায়। মুশফিক নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে সেই ১ রানে হারের পর। ৬ বলে ১১ রানের সমীকরণটা পরপর দুই চার মেরে ৩ বলে ১ রানে নিয়ে এসেও হার্দিক পান্ডিয়াকে পুল করতে গিয়ে তিনি আউট!
অতটা না হলেও আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষে প্রায় এমনই এক সমীকরণ ছিল মুশফিকের সামনে। ৬ বলে ৭ রান। মাত্রই উইকেটে এসেছেন। থিতু হতে সময়-বল কোনোটাই পর্যাপ্ত নেই। তবুও এই চ্যালেঞ্জে উতরে যেতে সমস্যা হয়নি বরিশাল অধিনায়কের। শুভাশিস রায়কে দুই বাউন্ডারি মেরে দলকে জিতিয়েছেন।
টুর্নামেন্ট-প্রতিপক্ষ ভিন্ন হলেও মুশফিকের স্মৃতিতে কি ভিড় করেছিল ভারতের বিপক্ষে সেই দুঃসহ মুহূর্ত? ‘আমার কাছে কখনো তা মনে হয়নি। সেই ম্যাচে যে বলটা পেয়েছিলাম, ভালো ফর্মে থাকলে ছয় হতো। আজ যদি ওই বল পেতাম, ছয়ই হতো। ক্রিকেট-জীবনে এটা হতেই পারে। আজ অনেক শান্ত ছিলাম। সর্বশেষ তিনটি ম্যাচ ভালো খেলেছি, আত্মবিশ্বাসী ছিলাম। আরেক প্রান্তে সেট ব্যাটসম্যান ছিল। এক রান হলেও সে শেষ করতে পারত। সব মিলিয়ে শান্ত থাকার চেষ্টা করেছি’—বলছিলেন মুশফিক।
এখন পরিস্থিতি বুঝে শান্ত থাকেন, পরিস্থিতি বুঝেই আগ্রাসী হন, উচ্ছ্বাসে ভাসেন সাফল্যে—এ যেন অন্য মুশফিক।