'মুশি'র খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্থডে বয়! ফেসবুক থেকে নেওয়া
বার্থডে বয়! ফেসবুক থেকে নেওয়া

মুশফিকুর রহিমের ফেসবুক পেজে হাসিখুশি, দুষ্টুমিষ্টি একটা ছবি পোস্ট করা হয়েছে। হাতে রংবেরঙের বেলুন। মাথায় জন্মদিনের টুপি। ‘বার্থ-ডে বয়’ বলে কথা! ‘বয়’ বলাটা অবশ্য এখন একটু কঠিন। ২০০৫ সালে বাচ্চা বাচ্চা চেহারার একটা ছোট্ট ব্যাটসম্যানকে দেখার পর ইংলিশ মিডিয়া বেশ চমকেই গিয়েছিল। সেই তিনি ১১ বছর পেরিয়ে এসে এখন দলের অন্যতম ভরসা। টেস্ট দলের নেতৃত্ব ভারও তাঁর কাঁধে।

শুধু জন্মদিন বলে নয়, সাম্প্রতিক ফর্মটাও হয়তো মুশফিকের মুখে এমন মুক্তো ছড়ানো হাসি এনে দিয়েছে। বছরের প্রথম তিনটা মাস খুব বাজেই গেছে মুশফিকের। বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে মেলে ধরতে পারেননি খুব একটা। এ বছর বাংলাদেশের খেলা ১৬টি-টোয়েন্টির ১৪টিতে ১৪.৮৮ গড়ে করেছেন ১৩৪ রান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেও তাঁর অবস্থান ছয়ে। ১৬ ম্যাচে ৩৫.৬১ গড়ে ৪৬৩ রান করে সবার ওপরে সাব্বির রহমান। মুশফিকের সাম্প্রতিক দুঃসময়ের সবচেয়ে বড় প্রতিচ্ছবি ভারতের বিপক্ষে গত বিশ্বকাপের সেই ম্যাচটি। স্লগ সুইপ, তাঁর সেই প্রিয় শট খেলতে গিয়েই আউট হয়েছেন। জেতা ম্যাচটাও হেরে গিয়েছে বাংলাদেশ। সেকি এক দুঃসময়ের ঘোর। মাঠের বাইরেও বিতর্কের মুখে পড়লেন ভারতের পরাজয় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে।

ঢাকা প্রিমিয়ার লিগে মুশফিক যেন সব মুছে ফেলার ব্রত নিয়েই মাঠে নেমেছেন। এ পর্যন্ত ৪ ম্যাচে করেছেন ২২৭ রান। গড়? ১১৩.৫০! মৌসুমটা রাঙিয়ে দেওয়ার ইঙ্গিতই দিচ্ছেন মোহামেডান অধিনায়ক।

৫০ ওভারের ক্রিকেটে তিনি অনেক দিন ধরেই বাংলাদেশ দলের অন্যতম নির্ভরতার প্রতীক। ২০১৫ সালে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন মুশফিকই। ১৮ ওয়ানডেতে ৫১.১৩ গড়ে করেছিলেন ৭৬৭ রান। সমান ম্যাচে ৪৬.৩৭ গড়ে ৭৪২ রান করে দুইয়ে তামিম ইকবাল। ১৫ ম্যাচে ৫১.৬৯ গড়ে ৬৭২ রান করে তিনে সৌম্য সরকার।

টেস্টেও বাংলাদেশের নানা সাফল্যমাখা অধ্যায়ে জ্বলজ্বল করবে মুশফিকের নাম। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। তাঁর অধিনায়কত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও এখনো পর্যন্ত টেস্টে তিনিই সবচেয়ে ‘সফল’। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন চারটিতে, হার ১১ ও ড্র ৯টিতে। সাফল্যের হার ১৬.৬৬ শতাংশ। ১৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে হাবিবুল বাশারের জয়ের হার ৫.৫৫ শতাংশ।


বিকেএসপির পাট চুকিয়ে বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে মুশফিক উঠে এসেছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ান কোচ রিচার্ড ম্যাকিন্সের অধীনে হাইপারফরম্যান্স ইউনিট থেকে। প্রথম আলোচনায় অবশ্য আসেন ২০০৫ সালের ইংল্যান্ড সফরে। গ্রীষ্মের শুরুতে ইংল্যান্ডের কন্ডিশন যেকোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন এক পরীক্ষার নাম। তার ওপর সেটি ছিল বাংলাদেশ দলেরই প্রথম সফর। কিন্তু প্রতিকূল কন্ডিশনেও মুখে শৈশবের মায়া লেগে থাকা সেই সদ্য তরুণ ব্যাটসম্যানটি প্রস্তুতি ম্যাচে দারুণ খেলছিলেন। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে তাঁর অপরাজিত ১১৫ রানের ইনিংসটির জন্য নাক উঁচু ইংলিশ মিডিয়ারও প্রশংসা কুড়িয়েছিলেন বেশ। ২৬ মে লর্ডস টেস্টে অভিষেক। শুরুটা অবশ্য ভালো হয়নি। তবে তখনই ডেভ হোয়াটমোর জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের ক্রিকেটে একদিন মুশফিক রাজা হবেন।

সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন, ভেঙেছেন। কঠোর পরিশ্রমে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। ১৯ বছর বয়সের আগে বাংলাদেশের যে ২৪ জন খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ও ধারাবাহিক তিনিই।

বিশের শেষ থেকে ত্রিশের মাঝামাঝি—ক্রিকেটারদের জীবনের এই সময়টাকে বলা হয় ‘পার্পল প্যাচ’। ক্যারিয়ারের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত হয় এটি। মুশফিক পা দিলেন সেই ধাপে। পেছনে যা করেছেন তাতেই বাংলাদেশ ক্রিকেট তাঁকে মনে রাখতে বাধ্য। এখন অতীতকে ছাড়িয়ে যাওয়ার পালা, সাময়িক ব্যর্থতা ভুলে নতুন করে গড়তে হবে সাফল্যের সৌধ।

ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটা মানুষ নানাভাবেই উদ্‌যাপন করে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে সেরা উপায় দুর্দান্ত এক ইনিংস খেলা। আজ মুশফিকের ম্যাচ নেই। কাল ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে মাঠে নামবেন তিনি।

জন্মদিন উপলক্ষে অসাধারণ কিছু হবে নাকি, মুশফিক?