'মুস্তাফিজকে কি অপহরণ করব?'
বল হাতে যেন রহস্যের জাল বিছিয়ে তাঁর আবির্ভাব আন্তর্জাতিক ক্রিকেটে। সেই রহস্যের সমাধানই করতে পারছে না ভারত! ভয়ংকর কাটার আর দুর্বোধ্য স্লোয়ার দিয়ে আগের দুটি ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছেন। স্বভাবতই শেষ ওয়ানডের আগেও ভারতের সবচেয়ে বড় আতঙ্কের নাম মুস্তাফিজুর রহমান। বাংলাওয়াশ এড়ানোর পথে মহেন্দ্র সিং ধোনির দলের সবচেয়ে বড় বাধা। কীভাবে এই বাধা পেরোবে ভারত?
সংবাদ সম্মেলনে ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য জবাবটা দিলেন মজা করেই, ‘কী আর করব বলুন! ওকে কি অপহরণ করব? না, তা তো করা যাবে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট। সবাই এখানে পেশাদার। মাঠে নেমেই আমাদের যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলতে হবে। ওকে যতটা সম্ভব ভালোভাবে সামলাতে চেষ্টা করতে হবে।’ মাত্র দুই ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার দিয়েই যে মুস্তাফিজ ভারতীয় ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিয়েছেন, অশ্বিন বললেন সে কথাও, ‘ওর কাটার দারুণ। ওটা দেখে খেলতে হবে। ওকে শ্রদ্ধাও করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই শ্রদ্ধা ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ।’
ক্যারিয়ারের শুরুতেই ভারতের ব্যাটসম্যানদের ভালো ভুগিয়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। গত বছর অভিষেকে ভারতের বিপক্ষেই পাঁচ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও। আর এবার মুস্তাফিজ তো আরও ভয়ংকর, দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে গড়েছেন ইতিহাসই। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বোলারদের বিপক্ষে কি তাহলে দিশাহীন হয়ে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা? অশ্বিন ব্যাপারটাকে এভাবে দেখেন না, ‘এরা সবাই তো ভালো বোলার। হ্যাঁ, অচেনা থাকার একটা সুবিধা তো আছেই। তবে একজন ভালো বল করলে সেই কৃতিত্বটাই আগে দিতে হবে।’ অশ্বিনও পুরো কৃতিত্বই দিলেন মুস্তাফিজকে, ‘ও দুর্দান্ত বোলার। সে যা করেছে, সেটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না, কিংবা তাকে খাটো করতে পারবেন না। আমিও খুশি তার পারফরম্যান্সে।’
তবে সবার নজরে চলে আসায় বাংলাদেশি পেসারের সামনে চ্যালেঞ্জটা যে ক্রমেই আরও বড় হবে, অশ্বিন মনে করিয়ে দিলেন সেটাও, ‘এখান থেকেই তার আসল চ্যালেঞ্জ শুরু। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমি এটা খুব ভালোভাবে জানি। এখন সবাই তার ওপর চোখ রাখবে।’