'মুস্তাফিজের ওপর অপ্রত্যাশিত চাপ তৈরি করবেন না'

সংবাদ সম্মেলনের শুরুতেই মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘প্রশ্নটা না করলেও বলতাম’।
কী প্রসঙ্গে বলা হচ্ছে নিশ্চয় বোঝা যাচ্ছে। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। কিছু তো বলতেই হবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ককে।
এ বছর ওয়ানডেতে বাংলাদেশ দলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাশরাফির নেতৃত্ব। আর অধিনায়কের কাজটা অনেক সহজ করে দিয়েছেন মুস্তাফিজ। মাশরাফির প্রত্যাশা এখানেই তরুণ তুর্কির সাফল্যযাত্রা থামবে না; এগিয়ে যাবেন আরও দূরে, ‘এটা আমাদের সবার জন্য বড় অর্জন। আশা করি এটার ধারাবাহিকতা ধরে রাখবে। এখানেই শেষ নয়। ইনশা আল্লাহ টেস্ট একাদশেও সে জায়গা করে নেবে। এত তরুণ অবস্থায় এত বড় জায়গায় সুযোগ পেয়েছে, এটা পুরো বাংলাদেশের গর্বের ব্যাপার।’
এ আনন্দক্ষণে মাশরাফির অনুরোধ মুস্তাফিজের ওপর যেন প্রত্যাশার চাপ তৈরি না করা হয়, ‘এত কম বয়সে যা অর্জন করেছে, আমরাও আশা করিনি। আইসিসি একাদশে জায়গা পাওয়া বড় কথা নয়। যেভাবে সে বোলিং করেছে, পুরো দলের ভারসাম্যে বড় প্রভাব রেখেছে। আশা করব, ওর ওপর যেন অপ্রত্যাশিত চাপ তৈরি না করা হয়। খেলায় খারাপ সময় আসতেই পারে। একটা-দুইটা ম্যাচ খারাপ করতেই পারে। তখন যেন তার ওপর মানসিক চাপ তৈরি করা না হয়। সে খুবই তরুণ। এখনো যদি ১০-১৫ বছর দলকে সেবা দিতে পারে, বাংলাদেশের জন্য এমন কিছু অর্জন করবে, যা আগে কেউ করেনি।’
বাংলাদেশ দলের সতীর্থকে নিয়ে আপ্লুত হলেও মাশরাফির আরেক চিন্তা নিজের ‘পুরোনো বন্ধু’ চোট। নিজেদের আগের ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছিলেন। তবুও কুমিল্লা ভিক্টোরিয়ান অধিনায়ক খেলছেন দলের স্বার্থে। বললেন, ‘কিছু দায়িত্ব তো আমারও কাছে। একটু বিশ্রাম পেলে ভালো হতো। আসলে ম্যাচের এমন পরিস্থিতি যে, ম্যাচ যদি হারতে থাকি তাহলে খেলতে পারব না। এখন নিজেকে সামলে রেখে যতটুকু খেলা যায় ততটুকু খেলছি। আজ ডলার থাকলে বোলিং করতাম না। ও চোটে পড়ায় চাপ নিতে হয়েছে।’