'মূল্যবান' বলগুলো বেশিই খরচ হচ্ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে নয়, নেটেই এখন সময় পার করতে হচ্ছে স্টেইন। ছবি: রয়টার্স
মাঠে নয়, নেটেই এখন সময় পার করতে হচ্ছে স্টেইন। ছবি: রয়টার্স

‘ক্যারিয়ারের এ পর্যায়ে করার মতো আর যত বল বাকি আছে, সেগুলো বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অপচয় না করে বড় কোনো প্রতিযোগিতাতেই করতে চাইব’-বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ কেন খেলবেন না, এমন প্রশ্নে ডেল স্টেইনের জবাব ছিল এটাই! বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্য ৬ উইকেট নিয়ে কোনো মতে মুখরক্ষা হয়েছিল! তবে এরপর সময় খুব একটা ভালো কাটছে না।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফর ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম সিরিজ। লম্বা ছুটির পরও বাংলাদেশ সফরে ওয়ানডে খেলছেন না কেন, জবাবে অমন বিস্ফোরক মন্তব্য। ৩২ বছরে পা দেওয়া স্টেইনের মন্তব্য নিয়ে এন্তার আলোচনা-সমালোচনা হলেও বাংলাদেশ থেকে দর্শকদের ভালোবাসা নিয়েই ফিরেছিলেন। বিশেষ করে চট্টগ্রাম টেস্ট চলার এক ফাঁকে বৃষ্টিতে কিশোরদের সঙ্গে রাস্তায় তাঁর ফুটবল খেলার ঘটনা আপ্লুত করেছে অনেককেই।
বাংলাদেশ সফর শেষে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ওয়ানডেতে অবশ্য খেলেছেন স্টেইন। বিরাট কোহলির দলের বিপক্ষে খেলেছেন একটি টেস্টও। এ সময়ে নিজের বলের হিসাবটা দেখলে কপালে চিন্তার ভাঁজ বাড়বে স্টেইনের। বোলিং স্ট্রাইক রেট কিংবা বোলিং গড় সব দিক থেকেই বেশ পিছিয়ে পড়েছেন। ওই মন্তব্যের পর টেস্ট তিনি এখনো পর্যন্ত উইকেট পেয়েছেন ৬টি। তবে এর জন্য ৪৯.২ ওভারে খরচ করতে হয়েছে ১৩৮ রান। এ সময়ে তাঁর গড় ২৩, যা ক্যারিয়ার গড়ের (২২.৫৫) চেয়ে বেশি। এ সময়ে উইকেট পেতে তাঁর বল করতে হয়েছে অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। স্টেইন গত তিন টেস্টে উইকেটপ্রতি বল করেছেন ৪৯.৩৩টি, যেখানে তাঁর পুরো ক্যারিয়ারে করতে হয়েছে ৪১.৭টি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে বল ‘নষ্ট’ না করতে চাওয়া স্টেইনের সীমিত ওভারের রেকর্ডও বেশ মলিন। বিশ্বকাপ শেষে বোলিং গড় ছিল ২৫.৫৭, বল প্রতি উইকেট ৩১.৮ আর ওভার প্রতি রান ৪.৮১। গত ৮ ওয়ানডেতে সেখানে স্টেইনের গড় ৩১.৪৬, ওভারপ্রতি রান ৫.৩৫। প্রতিটি উইকেট নিতে খরচ করতে হয়েছে ৩৪.১৫। বাংলাদেশের দর্শকেরা এখন টিপ্পনী কাটতেই পারেন ‘আহ স্টেইন, জমিয়ে রাখা মূল্যবান বলগুলো বুঝি বেশিই খরচ হচ্ছে’!