'মেরুদণ্ডে'ই তো জোর ছিল না বাংলাদেশের!

টেস্ট সিরিজে দুই ম্যাচ মিলিয়ে তিন ইনিংস ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। এই তিন ইনিংসে একবারের জন্যও তাঁদের অল আউট করতে পারেননি বাংলাদেশের বোলাররা। বোলিং ডিপার্টমেন্টের কাঠগড়ায় দাঁড়ানো তাই খুব স্বাভাবিক। এদিকে বোলারদের তুলোধুনো করতে গিয়ে আড়াল হয়েছে ব্যাটিং ডিপার্টমেন্টের দৈন্যদশা। বিশেষ করে মিডল অর্ডার, যেটা কিনা যেকোনো দলের ব্যাটিং মেরুদণ্ড।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের ১৯৫ রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল বাংলাদেশ; বিশেষ করে সৌম্য সরকার যতক্ষণ উইকেটে ছিলেন। তাঁর আউটের পরও মিডল অর্ডারের সামর্থ্য ছিল দলকে জয় এনে দেওয়ার। কিন্তু সফরজুড়ে তাঁদের পারফরম্যান্স মনে থাকলে যে-কেউ বুঝতেন, সে আশায় গুঁড়ে বালি! এক মুশফিকুর রহিম ছাড়া আর কেউই স্রোতের বিপরীতে সেভাবে লড়তে পারেননি।
ওয়ানডে দিয়ে শুরু করা যাক। প্রথম ওয়ানডেতে মুশফিকের সেঞ্চুরিতে লড়াকু স্কোর পেয়েছিল বাংলাদেশ। বোলারদের ব্যর্থতায় সেটা রক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু সে ম্যাচেও মুশফিকের সেঞ্চুরি ছাড়া আর কেউই কিন্তু সেভাবে রান করতে পারেননি। পরের ওয়ানডেতেও হাফ সেঞ্চুরি এসেছে মুশফিকের ব্যাট থেকে। কিন্তু ওয়ানডে সিরিজে মিডল অর্ডারে বাকি ব্যাটসম্যানদের পারফরম্যান্স—সাকিব (২৯, ৫, ৬৩), মাহমুদউল্লাহ (২৬, ৩৫, ২), সাব্বির (১৯, ১৭, ৩৯)। প্রথম দুই ম্যাচ খেলা নাসির হোসেনের সংগ্রহ ১১ ও ৩।
কাঠগড়ায় থাকবে ইমরুল কায়েসেরও ব্যাটিং। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে হাফ সেঞ্চুরি মাত্র একটি, সেটাও দুটি ‘জীবন’ পাওয়ার পর। বড় মাপের ব্যাটসম্যানরা যেখানে এমন দুটি ‘জীবন’ পেলে দুই অঙ্কের রানকে নিয়ে যেতেন তিন অঙ্কে! অবশ্য শুধু ইমরুল কেন, লিটন দাসের ‘ব্যাড প্যাচ’ও চোখে পড়ার মতো। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ২১, ১৪ ও ৬।
বড় সংগ্রহ তাড়া করতে নেমে কিংবা আগে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যর্থ হলে ইনিংস গড়ার দায়িত্ব বর্তায় মিডল অর্ডারের ওপর। ওয়ানডেতে এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই দায়িত্ব কেউ সেভাবে পালন করতে পারেননি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে এই খুঁতটা কিন্তু ধরিয়ে দিয়েছেন সৌম্য সরকার, ‘তিন থেকে ছয় নম্বরের মধ্যে কেউ বাকি ১০ ওভারে বড় ইনিংস খেলতে পারলে ভালো হতো। তখন আমরা উইকেটে একজন সেট ব্যাটসম্যান পেতাম এবং কাজটাও সহজ হয়ে যেত। ওরা প্রায় ২০০ করেছে, আমরাও ১৭৫ করেছি। অর্থাৎ, মাঝে একজন ব্যাটসম্যান যদি ভালো করত, তাহলে ম্যাচটা আমরা সহজেই জিততে পারতাম।’
মেরুদণ্ড শক্ত না হলে ঝোড়ো বাতাসের বিপরীতে বুক চিতিয়ে চলা কঠিন। প্রথম টেস্টে ৪২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তাই অল আউট হতে হয়েছে মাত্র ৯০ রানে। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ৫৭৩/৪ রানের জবাবে বাংলাদেশের দুই ইনিংসের (১৪৭ ও ১৭২) সংগ্রহও একই কথা বলছে!ৎ
প্রায় এক মাসের বেশি সময়ব্যাপী দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে আগামীকালের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এ ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। বরং যদি কিছু থাকে, সেটা অবশ্যই পাওয়ার, লড়াইয়ের ময়দান থেকে সেই প্রাপ্তিটুকু ছিনিয়ে নিতে বোলারদের সঙ্গে ব্যাটসম্যানদের দায়িত্বও কিন্তু কম নয়। বিশেষ করে মিডল অর্ডার, কারণ ইমরুল-সৌম্য থাকলেও ওপেনিংয়ে নেই দলের ‘অটোমেটিক চয়েস’ তামিম। তাঁর অনুপস্থিতিতে ব্যাটিং ডিপার্টমেন্টে এমনিতেই চাপ বাড়ার কথা। আর কে না জানে, ব্যাটিংয়ে যেকোনো চাপ শুষে নেওয়ার দায়িত্বটা মিডল অর্ডারের। অতএব, শেষ ম্যাচে তিন থেকে ছয়—আরেকটু দায়িত্ব নিয়ে খেলবেন কি?